মিঠামইনে গ্রেপ্তার দুই শিবির নেতা জেলহাজতে
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় গ্রেপ্তার দুই শিবির নেতাকে আজ শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ তাঁদের কিশোরগঞ্জের বিচারিক হাকিম আদালতে পাঠায়। তাঁরা দুজন জামিনের আবেদন করলে বিচারক মুহম্মদ আলী আহসান জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের পর মিঠামইন উপজেলার গোপদীঘি গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মিঠামইন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আলী হোসেন (২২) এবং জেলা ছাত্রশিবিরের সদস্য নূরুল্লাহ (২৩)। কিশোরগঞ্জের পুলিশ সুপার মীর রেজাউল আলম জানান, জিহাদি বই, প্রচারপত্রসহ বিভিন্ন অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।মিঠামইন থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শুকুর মাহমুদ জানান, ইসলামি জিহাদি বই, প্রচারপত্র ও এলাকায় অপরাধমূলক নানা কর্মকাণ্ডের অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। মিঠামইন থানার উপপরিদর্শক (এসআই) সমরেন্দ্র দত্ত জানান, আজ শনিবার গ্রেপ্তারকৃতদের ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় কোর্টে চালান করা হলে আদালত তাঁদের জেলহাজতে পাঠিয়েছেন।