মিডিয়া ক্যু করে শফী সাহেবকে বিতর্কিত করছে: পাপিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সাংসদ সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া বলেছেন, এই সরকার ষড়যন্ত্রমূলকভাবে মিডিয়া ক্যুর মাধ্যমে শফী সাহেবের মতো একজন আলেম ব্যক্তিকে বিতর্কিত করার চেষ্টা করছে। হেফাজতে ইসলামের নেতা শাহ আহমদ শফীর বক্তব্য নিয়ে আজ রোববার জাতীয় সংসদে সরকারি দলের সাংসদদের আলোচনার জবাবে সৈয়দা আশিফা আশরাফী এ কথা বলেন। সৈয়দা আশিফা আশরাফী বলেন, ‘আল্লামা শফী সাহেব একজন আলেম মানুষ। তাঁকে এই সরকার বিভিন্ন পদ-পদবিও বরাদ্দ করেছে। তবে আজ হঠাত্ করে এই পার্লামেন্টে শফী সাহেবকে নিয়ে আলোচনার কারণ কী, জানতে চাই।’বিএনপির এই সাংসদ বলেন, ‘শফী সাহেবের নাম দিয়ে যে বিবৃতিটি ছাপা হয়েছে, শফী শাহেব তার পাল্টা একটি বিবৃতি দিয়েছেন। ওই বিবৃতিতে বলা হয়েছে, তিনি যে কথাটি যেভাবে বলেছেন, মিডিয়া ক্যুর মাধ্যমে সেই কথাটি সেভাবে প্রকাশ করা হয় নাই। তাহলে এই সরকার মিডিয়া ক্যুর মাধ্যমে ষড়যন্ত্রমূলকভাবে শফী সাহেবের মতো একজন আলেম ব্যক্তিকে বিতর্কিত করার চেষ্টা করছে। তাদের মনোনীত মিডিয়ার মাধ্যমে বিকৃতভাবে তাঁর উক্তি প্রচার করে তারা পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে একটি বক্তৃতা দেওয়ার প্রেক্ষাপট তৈরি করেছে।’আশিফা আশরাফী বলেন, ‘পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সরকারি দলের সংসদ সদস্যরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে যেসব অকথ্য, অশোভন ও ভিত্তিহীন তথ্য পরিবেশন করেছেন, তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।’