মিডিয়া চলে গেছে সওদাগরের হাতে: অ্যাটর্নি জেনারেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের দাবি, ‘মিডিয়া চলে গেছে কিছু সওদাগরের হাতে। এরা নিজেদের স্বার্থ ছাড়া কিছু বোঝে না। তবে ব্যতিক্রম নেই, এমন না।’আজ শুক্রবার সকালে এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সম্মেলন কক্ষে ল’ রিপোর্টার্স ফোরাম এই কর্মশালার আয়োজন করে। সাংবাদিকতা পেশায় নানা প্রতিকূলতা প্রসঙ্গে মাহবুবে আলম বলেন, প্রতিকূলতার মধ্যেই মেধার প্রতিফলন ঘটাতে হবে। সেটা নিজেদেরই করে নিতে হবে। সাফল্য অর্জনের লক্ষ্য কেবল অর্থ উপার্জন নয়, এর সঙ্গে মূল্যবোধও জড়িত। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘অবশ্যই সত্য কথাটা বলতে হবে। শতভাগ সত্যটাই বলতে হবে। এ ক্ষেত্রে কোনো আপস করা যাবে না।’ যে সংবাদ সবার আগে বস্তুনিষ্ঠভাবে দেওয়া যাবে সেটাই গ্রহণযোগ্য হবে বলেও তিনি মন্তব্য করেন। তবে প্রতিকূলতা থাকলেও তাতে হতাশ না হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, কাজ করলে ফল পাবেন। ল’ রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক মাসহুদুল হকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম। সংগঠনের সভাপতি সালেহ উদ্দিনের সভাপতিত্বে দিনব্যাপী কর্মশালায় সংবিধান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ও আইনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।