চার দিন বিরতির পর সংসদ অধিবেশন শুরু
মিডিয়ার জন্য সম্প্রচার নীতিমালা প্রণয়ন করা হবে: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ার জন্য জাতীয় সম্প্রচার নীতিমালা প্রণয়ন করা হবে। দ্রুততম সময়েই এটা করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে। এ ব্যাপারে বিভিন্ন সাংবাদিক সংগঠন ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। আজ রোববার জাতীয় সংসদে ইসরাফিল আলমের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা বলেন।এর আগে বিকেল সোয়া চারটায় স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। চার দিন বিরতির পর শুরু হওয়া এ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেন। দেশের বাইরে থাকায় প্রধানমন্ত্রী অধিবেশনে আজই প্রথম যোগ দেন। প্রধান বিরোধী দল বিএনপি আজও সংসদে ফেরেনি।প্রশ্নকর্তা ইসরাফিল আলম তাঁর ৫০৫ নম্বর প্রশ্নে জানতে চান, ‘কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার রাজনৈতিক অথবা উদ্দেশ্যমূলক প্রচারণার কারণে বাস্তবতাবিবর্জিত তথ্যবার্তার দ্বারা সরাসরি রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তির প্রতিকার পাওয়ার জন্য কোনো বিধিবিধান প্রণয়ন করা হবে কি না?’তথ্যমন্ত্রী বলেন, ‘এটি খুবই স্পর্শকাতর একটি বিষয়। সে জন্য সবার সঙ্গে আলোচনা করে এ নীতিমালা করা হচ্ছে। এখন এটি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার জন্য পৃথক, না একসঙ্গে করা হবে, তা এখনো ঠিক করা যায়নি।’শহীদুজ্জামান সরকারের অপর এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বেসরকারি টিভি চ্যানেলগুলোতে বাংলাদেশ টেলিভিশনের দুপুর ও রাতের খবর প্রচারের বিষয়ে আলোচনা চলছে। বেসরকারি টিভি চ্যানেলগুলো দুপুরের সংবাদ প্রচারে নীতিগত সম্মত হয়েছে। অনেকে প্রচারও শুরু করেছে। তবে রাত আটটার সংবাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রতিবছর পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকে সরকারি অনুদান দেওয়া হবে। এ জন্য নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এ নীতিমালটি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সাংসদ মোশতাক আহমেদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনকে সংস্কৃতি মন্ত্রণালয়ের আওতায় নেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই। অপু উকিলের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধিকরণ) আইন-১৯৭৩ সহ অন্যান্য আইন ও বিধানে পত্রিকার সম্পাদক নিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞতার কোনো সুনির্দিষ্ট সময়সীমা নেই। এ ব্যাপারে আলাদা কোনো নীতিমালাও নেই।নাছিমুল আলম চৌধুরীর অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে ঢাকা থেকে প্রকাশিত ৯৬টি দৈনিক ও ১৫টি পাক্ষিক এবং ঢাকার বাইরে থেকে প্রকাশিত ১৯৪টি দৈনিক ও ২টি পাক্ষিক সরকারি বিজ্ঞাপন পেয়ে থাকে।