মিতা নূরের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ
অভিনেত্রী সাবিনা ইয়াসমিন ওরফে মিতা নূরের আত্মহত্যার ঘটনায় পুলিশ তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেছে। তাঁরা সবাই এ ঘটনাটি আত্মহত্যা বলে পুলিশকে জানিয়েছেন।গুলশান বিভাগের উপকমিশনার খন্দকার লুত্ফুল কবির প্রথম আলো ডটকমকে বলেন, মিতা নূরের লাশ উদ্ধারের ঘটনায় তাঁর স্বামী, ছেলে, মা-বাবা, বোন, গাড়িচালক ও গৃহকর্মীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মিতা নূরকে তাঁর স্বামী নির্যাতন করতেন, এমন তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে পুলিশ এখনো আত্মহত্যার কারণ অনুসন্ধান করছে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদন পুলিশের হাতে এসেছে। এতে তাঁর শরীরের দুটি স্থানে দাগ পাওয়া গেছে, তবে এ কারণে তাঁর মৃত্যু হয়নি বলে উল্লেখ করা হয়েছে।মিতা নূরের স্বজনেরা জানান, গত ২৩ জুন শুটিং করতে গিয়ে মিতার পায়ে আঘাত লাগে। চিকিত্সকের পরামর্শে তিনি ক্রাচে ভর করে চলাফেরা করছিলেন। মিতা নূরের বড় ছেলে শেহজাদ নূর তাউজ অভিযোগ করে, কয়েকটি পত্রিকা ও টিভি চ্যানেল তাদের পরিবারের সঙ্গে কোনো কথা না বলে তাদের মনগড়া প্রতিবেদন প্রকাশ করছে। ছোট বোন মনিরা পারভীন বলেন, মিতা অনেক জেদি ছিলেন। পরিবারের কাছে তাঁর কোনো কথা না টিকলে খুব রেগে যেতেন। একবার রাগ সামলাতে না পেরে ঘুমের বড়ি খেয়ে অস্বাভাবিক হয়ে পড়েন।মিতার বাবা ফজলুর রহমান বলেন, ‘আমি এজাহারে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ করিনি। কিংবা সাংবাদিকদের কাছেও কোনো অভিযোগ করিনি। তার পরও কেন এই অপপ্রচার করা হচ্ছে?’মিতার স্বামী শাহনূর রহমান মজুমদার বলেন, ‘মিতার সঙ্গে কোনো কিছু নিয়ে ভুল-বোঝাবুঝি হলে তা সহজেই মিটিয়ে ফেলতাম। নির্যাতন করার কোনো প্রশ্নই ওঠে না। কেন মিতা নূর আত্মহত্যা করেছেন, সে প্রশ্ন আমাকেও তাড়া করে বেড়ায়। অভিনয়জীবনে কোনো গণমাধ্যমে তাঁর সম্পর্কে নেতিবাচক কথা ছাপা হয়নি। কিন্তু মরে যাওয়ার পর তাঁর নামে নেতিবাচক খবর ছাপানো হচ্ছে।’পারিবারিক সূত্র জানায়, আজ শুক্রবার বাদ আসর লেকপাড়ের বাসায় মিতা নূরের কুলখানি অনুষ্ঠিত হয়।