মিতা-মিত্র মিতা-শত্রু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুজনের নামই স্মিথ। দুজনই বাঁহাতি ওপেনার। দুই মিতা গ্রায়েম স্মিথ আর ডেভন স্মিথের মিল শেষ হয়ে যাচ্ছে না এখানেই! দুজনেরই জন্ম ১৯৮১ সালে। বাঁহাতি হলেও দুজনই ডান হাতে অফ ব্রেক বোলিং করেন। ওয়ানডেতে দুজনেরই অভিষেক অস্ট্রেলিয়ার বিপক্ষে। যেন নিয়তি একজনের জীবনের চিত্রনাট্য কপি করে দিয়েছে অন্যজনের বেলায়!অস্ট্রেলিয়া দলেও একজন স্মিথ আছেন—স্টিভেন স্মিথ। তবে অন্য দুই স্মিথের সঙ্গে শুধু নামেই মিল। গ্রায়েম-ডেভন বাঁহাতি ওপেনার, স্টিভেন ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান। স্পিন করেন বটে, কিন্তু লেগ স্পিন।বিশ্বকাপে খেলছেন ২১০ ক্রিকেটার। তবে নামের মিল আছে অনেকেরই। বিশ্বকাপে ১৪টি ‘টিম’ আছে। তবে টিম আছে আরও তিনটি—অস্ট্রেলিয়ার টিম পেইন, ইংল্যান্ডের টিম ব্রেসনান আর নিউজিল্যান্ডের টিম সাউদি।পেইন উইকেটকিপার-ব্যাটসম্যান, অন্য দুই ‘টিম’-এর সঙ্গে মিল নেই। তবে মিল আছে ব্রেসনান-সাউদির মধ্যে। দুজনই ডানহাতি পেসার। বাংলাদেশে থাকলে হয়তো হাট্টিমা টিম টিম-ই হতো তাঁদের প্রিয় ছড়া!বাংলাদেশের আবদুর রাজ্জাক বিশ্বের অন্যতম সেরা স্পিনার, আর পাকিস্তানের আবদুল রাজ্জাক অলরাউন্ডার। বাংলাদেশের রাজ্জাক বাঁহাতি, পাকিস্তানের রাজ্জাক ডানহাতি। অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক মাইকেল ক্লার্ক, আর ইংলিশ অলরাউন্ডার মাইকেল ইয়ার্ডিও মিতা। তবে একজন ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান, আরেকজন বাঁহাতি অলরাউন্ডার। আরেকটা মিল অবশ্য আছে—দুজনই বাঁহাতি স্পিনার।শুধু নামেই মিল শন টেইট আর শন উইলিয়ামসের—টেইট অস্ট্রেলিয়ার গতি তারকা, উইলিয়ামস জিম্বাবুয়ের বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান। স্পিন বোলিংও করেন বাঁ হাতে। দুজনই ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান। এ ছাড়া আর একটি মিলই আছে দুই ডেভিডের—অস্ট্রেলিয়ার ডেভিড হাসি আর কেনিয়ার ডেভিড ওবুইয়া দুজনেরই ওয়ানডে অভিষেক হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ক্যামেরন হোয়াইট আর অ্যান্ড্রু হোয়াইট—দুজন গাত্রবর্ণেও ‘হোয়াইট’। দুই হোয়াইটই ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান। ক্যামেরন লেগ স্পিনার হলেও অ্যান্ড্রু অফ স্পিনার।ইংল্যান্ডের কেভিন পিটারসেন মিতা খুঁজে পেয়েছেন আয়ারল্যান্ডে—কেভিন ও’ব্রায়েন। দুজনই ডানহাতি। তবে সবচেয়ে বড় মিল, কাউন্টিতে দুজনেরই দল ছিল নটিংহামশায়ার। মিল আছে নিউজিল্যান্ডের রস টেলর আর জিম্বাবুয়ের ব্রেন্ডন টেলরের মধ্যেও। দুজনই নিজ দলের ব্যাটিং-ভরসা। দুজনই ডানহাতি। মাঝেমধ্যে দুজনই করেন অফ স্পিন।দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ইয়োহান বোথাকে সবাই চিনলেও আয়ারল্যান্ডের অলরাউন্ডার আন্দ্রে বোথা অতটা পরিচিত নন। দুজনই ডানহাতি। তবে মিডিয়াম পেসটা ডান হাতে করলেও ব্যাটিংটা বাঁ হাতেই করেন আন্দ্রে। আর ইয়োহানের ব্যাটিং, বোলিং—সবই ডান হাতে।নামের মতো কাজেও মিল আছে দুই ‘জেমস’-এর। নিউজিল্যান্ডের জেমস ফ্রাঙ্কলিন আর জেমস ট্রেডওয়েল দুজনই বাঁহাতি অলরাউন্ডার। আরেকজন জেমস হচ্ছেন জেমস অ্যান্ডারসন, ট্রেডওয়েলেরই সতীর্থ। ট্রেডওয়েল আর অ্যান্ডারসন জন্মেছেন একই সালে (১৯৮২)। দুজনই ডান হাতে বোলিং করলেও ব্যাট করেন বাঁ হাতে।ছোট দলের তারকা হিসেবে বেশ পরিচিত জন ডেভিসন। আরেক ‘জন’ আছেন অস্ট্রেলিয়ায়। দুজনই ডানহাতি অলরাউন্ডার। তবে জন হেস্টিংস পেসার আর ডেভিসন অফ স্পিনার। মিল আছে দুই শেহজাদেও—দুজনই ওপেনার। তবে পাকিস্তানের আহমেদ শেহজাদ ওপেনিং ব্যাটসম্যান, আর ইংল্যান্ডের আজমল শেহজাদ ওপেন করেন বোলিংয়ে।বিশ্বকাপে এখনো অভিষেক হয়নি ইংল্যান্ডের লুক রাইট আর নিউজিল্যান্ডের লুক উডককের। লুক জেমস রাইট আর লুক জেমস উডকক—দুজনের পুরো নামেও বেশ মিল। দুজনই অলরাউন্ডার। তবে মিল এখানেই শেষ। রাইট ডানহাতি, উডকক বাঁহাতি। দুই পিটারের মধ্যেও আছে মিল। নেদারল্যান্ডের অধিনায়ক পিটার বোরেন আর কেনিয়ার পিটার ওনগন্ডো—দুজনই ছোট দলের খেলোয়াড়। দুজনই ডানহাতি।তবে নামে মিল থাকলেও কাজের ক্ষেত্রে ব্যতিক্রম সবাই। নামে যত মিলই থাকুক, প্রতিপক্ষকে ছাড় দিতে রাজি নন কেউই। মিলটা তো এখানেও!