মিথ্যা ঘোষণা দিয়ে রপ্তানিকালে চট্টগ্রামে ১৮ টন চাল আটক
সব ধরনের চাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মিথ্যা ঘোষণা দিয়ে চাল রপ্তানি হচ্ছে। ইতালিতে রপ্তানির পথে গত রোববার চালের একটি চালান আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ। চানাচুর, বিস্কুট ইত্যাদির মিথ্যা ঘোষণা দিয়ে এই চাল রপ্তানির চেষ্টা হচ্ছিল বলে জানা যায়। এই চালানে ১৭ হাজার ৮৮০ কেজি অর্থাত্ প্রায় ১৮ টন চাল ছিল। বর্তমানে এ চাল বেসরকারি কনটেইনার ডিপো ইকবাল এন্টারপ্রাইজের এক নম্বর ইউনিটে আছে।শুল্ক কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আটক চাল সাধারণ মানের মিনিকেট ব্র্যান্ডের। কেজিপ্রতি ৩৮ টাকা হিসাব করলে এই চালের দাম পড়ে সাড়ে ছয় লাখ টাকার বেশি। এর আগে চালের যেসব চালান ধরা পড়েছে, সেগুলো ছিল সুগন্ধি চাল। চট্টগ্রাম কাস্টম হাউস সূত্রে জানা গেছে, ঢাকার কমলাপুরের জাইমো ট্রেড ইন্টারন্যাশনাল নামের একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান গত ৩১ ডিসেম্বর কাস্টম হাউসে রপ্তানির চালান দাখিল করে। এতে বিস্কুট, চানাচুর, সেমাই, আচার ও তেজপাতা রপ্তানির ঘোষণা দেন রপ্তানিকারক।কাস্টম হাউসের রপ্তানি শাখার গোয়েন্দা কর্মকর্তারা জানতে পারেন, এই চালানে রপ্তানি নিষিদ্ধ চাল যাচ্ছে। খবর পেয়ে রোববার তাঁরা কালুরঘাটে বেসরকারি কনটেইনার ডিপো ইকবাল এন্টারপ্রাইজে অভিযান চালান। এ সময় শুল্ক কর্মকর্তা মহিউদ্দিন পাটোয়ারী, সমীর কুমার বসু ও লুত্ফুর করিম একটি কনটেইনারে ৮৯৪ ব্যাগ চাল দেখতে পান। তাঁরা তাত্ক্ষণিকভাবে রপ্তানির কার্যক্রম স্থগিত করেন।রপ্তানিকারকের প্রতিনিধি সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স হুদা ইন্টারন্যাশনালের কার্যালয়ে ফোন করা হলে ভুল নম্বর উল্লেখ করে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। শুল্ক কর্মকর্তারা বেসরকারি ডিপোতে রপ্তানি পণ্য খুলে দেখার সময়ও সিঅ্যান্ডএফ এজেন্ট সেখানে উপস্থিত ছিলেন না বলে জানা গেছে।জানা গেছে, গত বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক আদেশে সব ধরনের চাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরও ছয় মাস বাড়ানো হয়। গত শুক্রবার থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়। অভিযোগ রয়েছে, সরকারের নিষেধাজ্ঞা সত্ত্বেও একশ্রেণীর অসাধু রপ্তানিকারক বিভিন্নভাবে চাল রপ্তানির চেষ্টা চালাচ্ছেন। আন্তর্জাতিক বাজারে চালের দাম বেড়ে যাওয়ার সুযোগে তাঁরা এভাবে অন্য পণ্যের আড়ালে চাল রপ্তানির চেষ্টা করছেন। গত ৪ নভেম্বর রপ্তানির পথে বেসরকারি আইসিডি কেডিএস লজিস্টিক লিমিটেডের ইয়ার্ড থেকে সাত টন এবং সেপ্টেম্বরে কেঅ্যান্ডটি লজিস্টিকস ইয়ার্ড থেকে ১৭ টন চাল আটক করা হয়।ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক বাজারে ছয় মাস আগেও সাধারণ মানের যে চাল টনপ্রতি ৩১০ মার্কিন ডলার ছিল, সেই চাল এখন ৩৮০ মার্কিন ডলারে বিক্রি হচ্ছে। একই সময়ের ব্যবধানে মাঝারি মানের চাল ৪৭৫ ডলার থেকে বেড়ে ৬০০ ডলারে বিক্রি হচ্ছে।চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার (রপ্তানি) প্রকাশ দেওয়ান প্রথম আলোকে বলেন, ‘চাল রপ্তানি নিষিদ্ধ। তার পরও রপ্তানির চেষ্টা করায় সংশ্লিষ্ট রপ্তানিকারকের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করেছি।’