মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী দল মিথ্যা তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদে অনির্ধারিত বিতর্কে তিনি বলেন, হেফাজতে ইসলামের বিরুদ্ধে পুলিশি অভিযান, ধর্মীয় বিষয় এবং তাঁর নিজের বক্তব্য ও তাঁর পরিবার সম্পর্কে মিথ্যা ও বিকৃত তথ্য প্রচার করা হচ্ছে।গতকাল বুধবার সাংসদদের ব্যক্তিগত কৈফিয়ত ও পয়েন্ট অব অর্ডারে প্রাণবন্ত বিতর্ক হয়। এ বিতর্কে প্রধানমন্ত্রী ছাড়াও সরকারি ও বিরোধী দলের জ্যেষ্ঠ সদস্যরা অংশ নেন। ব্যক্তিগত কৈফিয়তে গিয়ে সাংসদেরা আক্রমণাত্মক বক্তব্য দিতে শুরু করলে অধিবেশনের সভাপতি স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাঁদের নিবৃত্ত করার চেষ্টা করেন। প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপন করে আগের দিনের সিদ্ধান্ত অনুযায়ী স্পিকার সাংসদদের ব্যক্তিগত কৈফিয়ত দেওয়ার সুযোগ দেন। সরকারদলীয় সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এবং বিএনপির মওদুদ আহমদ ও সৈয়দা আসিফা আশরাফী ব্যক্তিগত কৈফিয়ত দিয়ে বক্তব্য দেন। এরপর আওয়ামী লীগের তোফায়েল আহমেদ ও সুরঞ্জিত সেনগুপ্ত এবং বিএনপির মওদুদ আহমদ পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেন। সবশেষে সংসদ নেতার বক্তব্যের মাধ্যমে বিতর্কের অবসান হয়।তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সংসদে দেওয়া বক্তব্য বিকৃত করা হয়েছে দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘সংসদে আমার বক্তব্য ছিল, আবার তত্ত্বাবধায়ক সরকার এলে দেশে আর নির্বাচন না-ও হতে পারে। গত তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের জন্য এসে দুই বছর ছিল। এ কারণেই আশঙ্কা প্রকাশ করে বলেছিলাম, আবার তত্ত্বাবধায়ক এলে হয়তো নির্বাচনই হবে না। কিন্তু সেই বক্তব্যকে বিকৃত করে বলা হচ্ছে, তত্ত্বাবধায়ক চাইলে নির্বাচন হবে না।’শেখ হাসিনা বলেন, মাইনাস টু ফর্মুলার প্রণেতারা এখনো হাঁ করে আছে, কখন শিকে ছিঁড়বে আর তারা খপ করে ধরে ফেলবে। তিনি বলেন, হেফাজতের বিরুদ্ধে পুলিশি অভিযান নিয়ে গ্রামে গ্রামে নির্জলা মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে। রুয়ান্ডায় ভূমিকম্পে নিহতদের ছবি, জোনস টাউনে গণ-আত্মহত্যার ছবি দেখিয়ে বলা হচ্ছে, এটা শাপলা চত্বরে নিহতদের ছবি। তিনি প্রশ্ন করেন, পবিত্র ইসলামের নামে যারা এ ধরনের মিথ্যা তথ্য প্রচার করে, তারা কোন ধরনের মুসলমান? ইসলামে আছে, মিথ্যা বলা মহাপাপ। অথচ সেই মহাপাপই করা হচ্ছে।প্রধানমন্ত্রী বলেন, ৫ মে হেফাজতের ওপর পুলিশ কোনো গুলি করেনি। হেফাজতের কর্মীদের বেশির ভাগই ছিল শিশু-কিশোর ও মাদ্রাসার ছাত্র। তাদের লঞ্চে ও বাসে করে বাড়ি পাঠানো হয়েছে। এ অভিযান টেলিভিশনে সরাসরি দেখানো হয়েছে। সবাই দেখেছে। এর পরও কেন মিথ্যাচার? বলা হচ্ছে, এক লাখ ২০ হাজার গুলি নাকি ফোটানো হয়েছে। এ ধরনের একটি জায়গায় এত গুলি হলে আশপাশের ভবন ক্ষতবিক্ষত হতো। দুই-আড়াই হাজার মানুষ মারা গেলে সে জায়গায় ভয়াবহ অবস্থা হতো। লাখ খানেক মানুষ আহত হতো। কিন্তু কিছুই হয়নি।প্রধানমন্ত্রী বলেন, অভিযানের পর মাদ্রাসাগুলোতে খোঁজ নেওয়া হয়েছে। কোনো নিখোঁজ পাওয়া যায়নি। টেলিভিশনে দেখা গেছে, এক দল মানুষ গায়ে রং লাগিয়ে শুয়ে আছে। পুলিশ যাওয়ার পর তারা দৌড় মারল। মনে হলো লাশ দৌড়াল।শেখ হাসিনা বলেন, ‘আমার ছেলের বউকে ইহুদি বলা হচ্ছে। কিন্তু আমার ছেলের বউ খ্রিস্টান। খ্রিস্টান আহলে কিতাব। ড. কামাল হোসেনের মেয়ের জামাই ইহুদি। সম্ভবত ড. কামালের জামাইয়ের কথা বলতে গিয়ে তাঁর ছেলের বউয়ের কথাও বলা হচ্ছে।’প্রধানমন্ত্রী বলেন, বিএনপির নেত্রী প্রধানমন্ত্রী থাকার সময় ভারত সফরে গিয়ে গঙ্গার পানি চুক্তির কথা ভুলে গিয়েছিলেন। কিন্তু আওয়ামী লীগ সরকার দেশের স্বার্থের কথা কখনো ভুলে যায় না। ’৯৬ সালে আওয়ামী লীগ সরকার পানি চুক্তি করে গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করেছিল। এবার সমুদ্রসীমায় বাংলাদেশের অধিকার নিশ্চিত করেছে। মিয়ানমারের সঙ্গে মামলায় জয় হয়েছে। এখন ভারতের সঙ্গে মামলা চলছে। ২০১৪ সালে এর রায় হবে।মওদুদ আহমদ সম্পর্কে শেখ হাসিনা বলেন, তিনি এত ঘাটের পানি খেয়েছেন যে, তাঁকে হজম করা যে কারও পক্ষে কঠিন। তিনি লেখার সময় সত্য লেখেন। কিন্তু বলার সময় অসত্য বলেন। মওদুদ আহমদ সুরঞ্জিত সেনগুপ্তকে মন্ত্রণালয় দেওয়ার সুপারিশ করছেন। হয়তো তিনি নিজের জন্যই মন্ত্রণালয় চাইছেন, সেটাই হয়তো ঘুরিয়ে বলছেন।ব্যক্তিগত কৈফিয়ত দিতে গিয়ে সৈয়দা আসিফা আশরাফী বলেন, তাঁকে নিয়ে কয়েক দিন আগে সরকারি দলের এক সদস্য ‘হাওয়া ভবনে জড়িত, ৩০০ পুরুষ মোকাবিলা করতে পারেন না ও রাতজাগা’ বলে বক্তব্য দেন। রেহেনা আক্তার রানু ও তাঁকে ‘বিউটি কুইন’ বলেও বক্তব্য দেওয়া হয়।এর জবাবে আসিফা বলেন, ‘ওই জ্যেষ্ঠ সাংসদের প্রতি আমার অনেক শ্রদ্ধাবোধ রয়েছে। আমি কি তাঁর সঙ্গে রাত জাগি? নাকি তিনি আমার বাড়ির প্রহরী? কিসের ভিত্তিতে এ কথা বলা হলো! আমি বা আমার পরিবার হাওয়া ভবনের সঙ্গে জড়িত ছিলাম না। আমি ওই সদস্যের বক্তব্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’ সরকারি দলের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা হাঁটুপানিতে নামলে আমরা কোমর পানিতে নামব। বিরোধী দলের বুকে তির মারবেন না।’এরপর দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, কিছু নবীন, তরুণ, উদ্যমী সদস্য রয়েছেন, তাঁদের বক্তব্যে ভাবাবেগ থাকবে। কিন্তু দুরভিসন্ধিমূলক, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিমূলক বক্তব্য দেবেন না। তোফায়েল আহমেদকে নিয়ে বিজেপির আন্দালিব রহমানের বক্তব্য দেওয়ার আগে তাঁর বাবার কথা স্মরণ করার পরামর্শ দেন সুরঞ্জিত। প্রধানমন্ত্রীর আত্মীয় হওয়ার সুবাদে আন্দালিব এভাবে জ্যেষ্ঠ সদস্যের বিরুদ্ধে অভিযোগ করছেন কি না, সে প্রশ্নও তোলেন সুরঞ্জিত। মন্ত্রী ও জাতীয় নেতাদের বিরুদ্ধে উপযুক্ত তথ্য-প্রমাণ ছাড়া অভিযোগ না করার আহ্বান জানান তিনি।ব্যক্তিগত কৈফিয়ত দিতে গিয়ে মওদুদ আহমদ বলেন, কয়েক দিন আগে তিস্তা চুক্তি নিয়ে কথা বলার সময় আমির হোসেন আমু তাঁকে ব্যক্তিগত আক্রমণ করেছেন। তাঁকে জ্ঞানপাপীও বলা হয়। সমালোচনা সহ্য করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমি তো বিরোধী দলে। আমি তো বলব না আপনারা সফল।’ আওয়ামী লীগ সরকারের আগের আমলের গঙ্গা চুক্তির প্রশংসা করেন তিনি। সেই সঙ্গে তিস্তা চুক্তি ও টিপাইমুখ প্রকল্প নিয়ে ৩০০ বিধিতে মন্ত্রীর বিবৃতি চান মওদুদ।এরপর পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে তোফায়েল বলেন, জাতীয় ইস্যুতে সব সময়ই জাতীয় ঐকমত্য থাকা দরকার। সাংসদদের বিধি মেনে গঠনমূলক আলোচনার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সীমা লঙ্ঘন করা কারও উচিত নয়। আপনারা সমালোচনা করবেন, আমরা জবাব দেব। খারাপ ভাষা ব্যবহার করবেন না।’