মিথ্যা বলায় অর্থমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ নামের সামাজিক ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের ব্যক্তিগত একটি শেয়ারও নেই। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত যদি একটি প্রতিষ্ঠানও দেখাতে পারেন, যেখানে ইউনূসের এক বা একাধিক শেয়ার আছে, তাহলে তাঁর (অর্থমন্ত্রী) বক্তব্যের প্রতিবাদ করার কোনো প্রয়োজন হবে না। যদি অর্থমন্ত্রী তা দেখাতে না পারেন, তবে জাতীয় সংসদে একজন সম্মানিত ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা বক্তব্য দেওয়ার জন্য অর্থমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত।গত ২৬ জুন জাতীয় সংসদে গ্রামীণ ব্যাংক ও ইউনূসকে নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যের বিষয়ে পাঠানো প্রতিবাদে এ মন্তব্য করা হয়েছে। গতকাল মঙ্গলবার ইউনূস সেন্টারের পক্ষ থেকে এ প্রতিবাদ গণমাধ্যমে পাঠানো হয়। গ্রামীণফোন থেকে ইউনূস কয়েক হাজার কোটি টাকা লভ্যাংশ নিয়েছেন— অর্থমন্ত্রীর এ বক্তব্যের প্রতিবাদে বলা হয়েছে, যে প্রতিষ্ঠানে ইউনূসের কোনো শেয়ার নেই, এমনকি পুঁজিবাজার থেকে কেনা শেয়ারও নেই, সেখান থেকে তিনি কীভাবে কয়েক হাজার কোটি টাকা লভ্যাংশ নিলেন, সেটা অর্থমন্ত্রীকে সংসদের কাছে এবং জাতির কাছে ব্যাখ্যা করে বলতে হবে। অথবা মিথ্যা বলার জন্য তাঁকে ক্ষমা চাইতে হবে।অর্থমন্ত্রী সংসদে বলেছিলেন, ‘ইউনূস সাহেব বেআইনিভাবে এমডি। কারণ ইউনূস সাহেবের আইনে বলা আছে ৬০ বছরে রিটায়ার করবে। বোর্ড বলল ইউনূস সাহেবকে অনির্দিষ্টকালের জন্য এমডি করা হোক। বাংলাদেশ ব্যাংক প্রতিবছর অডিট করার সময় এটা তাঁকে স্মরণ করিয়ে দিয়েছে যে ৬০ বছর হয়েছে বলে আর থাকতে পারবেন না।’এ প্রসঙ্গে ইউনূস সেন্টারের পাঠানো প্রতিবাদে বলা হয়েছে, এখানেও অর্থমন্ত্রী মিথ্যার আশ্রয় নিয়েছেন। বাংলাদেশ ব্যাংক ও গ্রামীণ ব্যাংকের যৌথ সভার কার্য বিবরণী থেকে স্পষ্টতই জানা যাবে যে ইউনূসের ৬০ বছর অতিক্রান্ত হওয়ার পরও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তাঁর দায়িত্ব পালনের বিষয়টি বাংলাদেশ ব্যাংক মেনে নিয়েছে। তাই বেআইনিভাবে ইউনূস গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক থাকার কোনো প্রশ্ন ওঠে না। সংসদে অর্থমন্ত্রী গ্রামীণ ব্যাংকের ২২ হাজার শাখা রয়েছে বলে যে তথ্য দিয়েছেন সেটি সঠিক নয় বলে প্রতিবাদপত্রে বলা হয়েছে। প্রকৃতপক্ষে, ২০১৩ সালের মে মাস পর্যন্ত গ্রামীণ ব্যাংকের দুই হাজার ৫৬৭টি শাখা রয়েছে। ১৯৯৮ সালের বন্যায় গ্রামীণ ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে সরকার ৪০০ কোটি টাকা দিয়ে সহায়তা করেছিল। অর্থমন্ত্রী এটি মিথ্য বলেছেন উল্লেখ করে প্রতিবাদে বলা হয়েছে, ১৯৯৮ সালের বন্যায় গ্রামীণ ব্যাংক ক্ষতিগ্রস্ত হলেও গ্রামীণ ব্যাংক সরকারের কোনো আর্থিক সহায়তা পায়নি। গ্রামীণ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে তিন বছর মেয়াদে শতকরা ১০ শতাংশ সুদে ২০০ কোটি টাকা বন্ড বিক্রি করে অর্থ সংগ্রহ করেছিল। আইনের বাধ্যবাধকতা থাকায় সরকারের গ্যারান্টি প্রয়োজন হয়েছিল। গ্রামীণ ব্যাংক যথাসময়ে সে টাকা পরিশোধ করে দেয়।গ্রামীণ ডানোন সম্পর্কে প্রতিবাদে বলা হয়েছে, এটি একটি মুনাফাভিত্তিক প্রতিষ্ঠান হিসেবেই নিবন্ধনকৃত হয়েছে শুরু থেকেই। এখনো তাই আছে। তার আইনকাঠামোতে কোনো পরিবর্তন হয়নি। কাজেই ডানোন আগে মুনাফাবিহীন ব্যবসা হিসেবে শুরু করেছিল, এখন মুনাফাভিত্তিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে—এ তথ্যটি পুরোপরি মিথ্যা। গ্রামীণফোনের সঙ্গে ইউনূসের সংশ্লিষ্টতা সম্পর্কে অর্থমন্ত্রী সংসদে বলেছেন, ইউনূস দাবি করেন গ্রামীণ ব্যাংকের সঙ্গে গ্রামীণফোনের মালিকানার কোনো সম্পর্ক নেই। ‘এটা মিথ্যা, মিথ্যা, মিথ্যা।’ ইউনূস এখনো বলেন যে গ্রামীণফোনের সঙ্গে গ্রামীণ ব্যাংকের মালিকানার কোনো সম্পর্ক নেই; এটা সত্য, সত্য, সত্য। এটা নিয়ে এত কথা- কাটাকাটির দরকার কী? সরকারের যে দপ্তরের কাছে গ্রামীণফোনের শেয়ার-মালিকদের তালিকা আছে তাদের কাছ থেকে তালিকাটি চেয়ে নিলেই বিষয়টি নিষ্পত্তি হয়ে যায়। এটা তো কোনো গোপন বিষয় নয়।ইউনূস সেন্টারের পাঠানো প্রতিবাদপত্রে বলা হয়েছে, গ্রামীণ ব্যাংকের সঙ্গে শুধু যে গ্রামীণফোনের কোনো মালিকানার সম্পর্ক নেই তাই নয়, অন্য কোনো ‘গ্রামীণ’ নামধারী প্রতিষ্ঠানের সঙ্গেও তাঁর কোনো মালিকানার সম্পর্ক নেই। অযথা এই মালিকানা আবিষ্কারের জন্য সব প্রতিষ্ঠানের সব রকম কাগজ তলব করে এখন তোলপাড় কাণ্ড করা হচ্ছে। অনেকবার বলা হয়েছে, স্বাধীন ও স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে এসব প্রতিষ্ঠান সরকারি দপ্তরে নিবন্ধিত হয়েছে। বেশির ভাগ প্রতিষ্ঠান মালিকবিহীন প্রতিষ্ঠান। গ্রামীণ ব্যাংক মালিকবিহীন প্রতিষ্ঠানের মালিক হবে কী করে? এসব কথা বিস্তারিত বর্ণনা করে ইউনূস সেন্টার থেকে অনেক আগেই বই প্রকাশ করে প্রচার করা হয়েছে। সরকারকে অনেকবার বোঝানো হয়েছে।