মিথ্যা বলায় রিবককে জরিমানা
ক্রেতাদের মিথ্যা আশ্বাস দেওয়ায় বিখ্যাত জুতা তৈরিকারক প্রতিষ্ঠান রিবককে দুই কোটি ৫০ লাখ ডলার জরিমানা গুনতে হচ্ছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন এই জরিমানা করেছে।টোনিং শু নামের একটি বিশেষ ব্রান্ডের জুতা বাজারে ছেড়ে রিবক দাবি করে, এটা পায়ের পেশিতে অতিরিক্ত শক্তি জোগায়। কিন্তু এই দাবির সপক্ষে কোনো সত্যতা পায়নি ট্রেড কমিশন। এই জরিমানার অর্থ ভোক্তাদের ফেরত দেওয়া হবে। খবর রয়টার্সের।ট্রেড কমিশন বলছে, অ্যাডিডাসের সহযোগী প্রতিষ্ঠান রিবকের বিরুদ্ধে মিথ্যা বিজ্ঞাপন দেওয়ার অভিযোগ রয়েছে। যে বিজ্ঞাপনে বলা হয়েছে, এই জুতা ভোক্তার পেশিতে শক্তি জোগাবে। ২০০৯ সালে রিবক এই জুতা বাজারে ছাড়ে এবং বিজ্ঞাপনের মাধ্যমে দাবি করতে থাকে যে ইজি টোন শু পরলে হ্যামস্ট্রিংয়ের শক্তি ১১ শতাংশ বাড়ে।জানা গেছে, ভোক্তারা ট্রেড কমিশন থেকে সরাসরি এই অর্থ পাবেন। অথবা সংশ্লিষ্ট আদালতের (যে আদালতে মামলা করা হয়েছে) মাধ্যমে এই অর্থ পাবেন তাঁরা।