মিথ্যা মামলা করায় বাদীকে জরিমানা
মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে মিথ্যা মামলা করার দায়ে বাদী জোসনা বেগমকে এক হাজার টাকা জরিমানা করেছেন আদালত। একই সঙ্গে জরিমানার টাকা না দেওয়া পর্যন্ত জোসনা বেগমকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। গত বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় দেন।২০০৯ সালের ১ জানুয়ারি মারধর, হত্যাচেষ্টা ও ভয়ভীতি দেখানোর অভিযোগে রাজধানীর দারুস সালাম থানার লালকুঠির বাসিন্দা মো. রাজুর স্ত্রী জোসনা বেগম এ মামলা করেন।মামলায় আবদুর রাজ্জাক, তাঁর স্ত্রী সাইদা খানম, স্থানীয় হালিম, লাবলু, রাজিয়া বেগমসহ নয়জনকে আসামি করা হয়। অভিযোগে বলা হয়, আসামিরা অবৈধভাবে জোসনার বাসায় ঢুকে মারধর ও হত্যার চেষ্টা করেন। আসামি রাজ্জাক হত্যার উদ্দেশ্যে শাবল দিয়ে জোসনার স্বামী মো. রাজুকে মাথায় আঘাত করেন। আসামি লাভলু চাপাতি দিয়ে রাজুর মাথায় ও হাতে আঘাত করেন। আসামিরা ঘরের আসবাব ভাঙচুর করে ছয় হাজার টাকা নিয়ে যান।এজাহারকারী জোসনা বেগম আদালতে সাক্ষ্য দিয়ে বলেন, আসামি রাজ্জাক, তাঁর স্ত্রী সাইদা ও তাসলিমাকে তিনি চেনেন না। আসামিরা ঘটনার সঙ্গে জড়িত নন। এজাহারকারী জবানবন্দিতে বলেন, আজ (বুধবার) প্রথম তিনি অভিযুক্তদের দেখছেন। তবে অন্য আসামিদের চেনেন। তাঁরা একই বাড়িতে বসবাস করেন।আদেশে বলা হয়, মামলার এজাহারে দেখা যায়, আসামি আবদুর রাজ্জাক শাবল দিয়ে রাজুর মাথায় ও লাবলু চাপাতি দিয়ে আঘাত করেন। ওই আঘাতের সমর্থনে চিকিৎসা-সংক্রান্ত সনদ দাখিল করা হয়। কিন্তু ভিকটিমকে পরীক্ষা করে তাঁর মাথায় আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এতে প্রতীয়মান হয়, মামলাটি মিথ্যা ও হয়রানি করার উদ্দেশ্যে করা হয়েছে। তাই আসামিদের মামলার দায় থেকে অব্যাহতি দেওয়া হলো। এজাহারকারী জোসনাকে মিথ্যা মামলা দায়ের করার অভিযোগে দণ্ডবিধির ২৫০ ধারায় সাজা দেওয়া হয়।এ সময় জোসনা বেগম বলেন, দারুস সালাম থানার এক পুলিশ কর্মকর্তা তাঁকে দিয়ে এ মামলা করিয়েছেন।রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি মকবুল হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, গত বুধবার এ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। আসামিদের অব্যাহতি চেয়ে আবেদন করা হয়। শুনানিকালে আদালত বাদী জোসনার স্বামীকে আঘাতের চিহ্ন দেখাতে বলেন। কিন্তু তাঁর মাথায় ও হাতে কোনো চিহ্ন ছিল না। এ সময় বাদী জোসনা আদালতে স্বীকার করেন, তিনি এক পুলিশ কর্মকর্তার দ্বারা প্রভাবিত হয়ে এ মামলা করেছেন। এক প্রশ্নের জবাবে মকবুল হোসেন বলেন, আদালত পুলিশ ও চিকিৎসককে কারণ দর্শাতে পারতেন। তা করা হয়নি। শুধু বাদীকেই জরিমানা করা হয়েছে।রাষ্ট্রপক্ষের আরেক সরকারি কৌঁসুলি সাইফুল ইসলাম বলেন, মিথ্যা মামলা করার অভিযোগে বাদী ও সাক্ষীর বিরুদ্ধে একই অপরাধে সাজা দেওয়ার বিধান রয়েছে, কিন্তু তা পালন করা হয় না। এ কারণে অনেকে মিথ্যা মামলা করার সাহস পায়। এ ধরনের সাজা হলে এই সাহস আর কেউ পাবে না।