এসিড অপরাধসংক্রান্ত মিথ্যা মামলার জন্য শাস্তির মেয়াদ বাড়িয়ে এসিড নিয়ন্ত্রণ (সংশোধন) বিল, ২০১০ গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে পাস হয়েছে। এ আইনে এসিড-অপরাধসংক্রান্ত মিথ্যা মামলার জন্য শাস্তির মেয়াদ পাঁচ বছর থেকে বাড়িয়ে সর্বোচ্চ সাত বছর করা হয়েছে।স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বিলটি উত্থাপন করেন। পরে বিলটি কণ্ঠভোটে পাস হয়।বিলে ২২ সদস্যের জাতীয় এসিড নিয়ন্ত্রণ কাউন্সিল পুনর্গঠনেরও প্রস্তাব করা হয়। এসিড নিয়ন্ত্রণ আইন, ২০০২ সংশোধন করে নতুন বিলটি উত্থাপন করা হয়। এ আইন অনুসারে জাতীয় এসিড নিয়ন্ত্রণ কাউন্সিলের চেয়ারম্যান হবেন স্বরাষ্ট্রমন্ত্রী। কাউন্সিলের জেলা কমিটিতে উপদেষ্টা থাকবেন একজন সাংসদ। সংশ্লিষ্ট পিপি, জেলা মহিলা সংস্থার সভানেত্রী, স্থানীয় প্রেসক্লাবের প্রতিনিধি, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ও নির্বাচিত মহিলা উপজেলা ভাইস চেয়ারম্যানদের একজনকে সদস্য রাখা হবে।বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বলা হয়, এসিডের আমদানি, উৎপাদন, পরিবহন, মজুদ, বিক্রয় ও ব্যবহার-নিয়ন্ত্রণ, ক্ষয়কারী দাহ্য পদার্থ হিসেবে এসিডের অপব্যবহার রোধ এবং এসিড দ্বারা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের চিকিৎসা, পুনর্বাসন ও আইনগত সহায়তা দেওয়ার লক্ষ্যে এসিড নিয়ন্ত্রণ আইন, ২০০২ প্রণীত হয়। এতে ১৬ সদস্যের জাতীয় এসিড নিয়ন্ত্রণ কাউন্সিল গঠন করা হয়। এ কাউন্সিলে আইনসচিব, সমাজকল্যাণ-সচিব, পুলিশের মহাপরিদর্শকের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকায় এবং নারী প্রতিনিধিত্ব বাড়ানোর লক্ষ্যে সদস্যসংখ্যা ২২ করে কাউন্সিল পুনর্গঠনের প্রয়োজনীয়তা অনুভূত হয়েছে। এসিড-অপরাধসংক্রান্ত মিথ্যা মামলা দায়েরের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় তা রোধকল্পে মিথ্যা মামলা দায়েরের শাস্তি বাড়ানোও যুক্তিসংগত। গত বছরের ২ নভেম্বর বিলটি মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন পায়।এর পর সংসদে পাট (সংশোধন) বিল-২০১০ পাস হয়। বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বিলটি সংসদে উপস্থাপন করেন। পরে বিলটি কণ্ঠভোটে পাস হয়। এর পর সংসদের অধিবেশন আজ বুধবার বিকেল চারটা পর্যন্ত মুলতবি করা হয়।