সংশোধিত গ্রাম আদালত আইনের খসড়া চূড়ান্ত
মিথ্যা মামলায় জরিমানা, নারী সদস্য বাধ্যতামূলক
গ্রাম আদালতে মিথ্যা মামলা দায়ের করলে জরিমানা করা হবে। এ আদালতের আদেশ অবমাননা করা যাবে না। আদালতে অবশ্যই নারী সদস্য অন্তর্ভুক্ত করতে হবে।এসব সংশোধনসহ নতুন কিছু বিষয় সংযোজন করে গ্রাম আদালত আইন-২০১২-এর খসড়া চূড়ান্ত করেছে সরকার। সংশোধিত আইনটি আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের জন্য উত্থাপন করা হতে পারে। জানা গেছে, দেওয়ানি ও ফৌজদারি আদালতগুলোর মতো গ্রাম আদালতের ঐতিহ্য প্রায় শতবর্ষ-প্রাচীন। এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে ১৯১৯ সালে ইউনিয়ন কোর্ট প্রতিষ্ঠার মাধ্যমে। ১৯৬১ সালে কিছুটা বর্ধিত বিচারিক ক্ষমতা দিয়ে ইউনিয়ন পর্যায়েই প্রতিষ্ঠিত হয় সালিসি আদালত। ১৯৭৬ সালে বর্ধিত আর্থিক ক্ষমতা দিয়ে ইউনিয়ন পর্যায়ে গঠিত হয় গ্রাম আদালত। ২০০৬ সালের আইনে এর কার্যপিরিধি আরও বাড়ানো হয়।এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার সচিব আবু আলম মো. শহীদ গতকাল প্রথম আলোকে বলেন, ২০০৬ সালের গ্রাম আদালত আইন অধিকতর যুগোপযোগী করতে এটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন শ্রেণী-পেশার অভিজ্ঞ ব্যক্তিদের মতামত নিয়ে এবং গ্রাম আদালত সম্মেলনে বিভিন্ন পর্যায় থেকে আসা সুপারিশের ভিত্তিতে আইনের বিভিন্ন ধারা সংশোধনের প্রস্তাব করা হয়েছে। গ্রাম আদালতকে অধিকতর কার্যকর করতেই সরকার এ উদ্যোগ নিয়েছে বলে সচিব জানান। মিথ্যা মামলা করলে জরিমানা: যদি কোনো ব্যক্তি অন্য কারও ক্ষতি করার জন্য এই আদালতে মিথ্যা মামলা করেন তবে মামলার বাদী ও যে ব্যক্তি বাদীকে দিয়ে মামলাটি করিয়েছেন, তাঁদের কমপক্ষে দুই হাজার টাকা জরিমানা দিতে হবে। গ্রাম আদালত আইনে নতুন এ ধারাটি অন্তর্ভুক্ত করা হয়েছে। জানা যায়, মিথ্যা মামলা দায়েরের প্রবণতা রোধে গ্রাম আদালত সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ জরিমানার বিধান চালু করার পরামর্শ দিয়েছিলেন। কেউ যদি এ বিষয়ে লিখিত অভিযোগ করেন তবে আদালত এ অপরাধের অভিযোগ গ্রহণ ও মামলার বিচার করতে পারবেন। নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা: গ্রাম আদালতে নারীর প্রতিনিধিত্ব বাড়াতে একটি ধারা সংশোধন করা হয়েছে। বর্তমানে একজন চেয়ারম্যান ও উভয় পক্ষের মনোনয়নে চারজন সদস্য নিয়ে গ্রাম আদালত গঠন করা হয়। সংশোধনীতে বলা হয়েছে, মনোনীত ব্যক্তিদের মধ্যে অবশ্যই একজন নারী সদস্য রাখতে হবে। এ ছাড়া আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আবেদনকারী সদস্য মনোনয়ন করতে না পারলে সংশ্লিষ্ট চেয়ারম্যানকে ব্যর্থতার কারণ উল্লেখ করে আবেদনটি আবেদনকারীর কাছে ফেরত পাঠাতে হবে। মধ্যস্থতা করার বিধান: বিদ্যমান আইনে সুস্পষ্টভাবে মধ্যস্থতা করার বিধান নেই। কিন্তু বিকল্প বিরোধ নিষ্পত্তিতে মধ্যস্থতা একটি উল্লেখযোগ্য পদ্ধতি। তাই গ্রাম আদালত আইনে মধ্যস্থতার বিধান সন্নিবেশিত করার প্রস্তাব করা হয়েছে। মধ্যস্থতার মাধ্যমে মামলা নিষ্পত্তির পদ্ধতি বাছাই করলে গ্রাম আদালত ওই অধিবেশনে অথবা পরবর্তী সাত দিনের মধ্যে দুই পক্ষের লিখিত সম্মতি গ্রহণ করবেন। এরপর আদালত সংশ্লিষ্ট ইউনিয়নের সর্বোচ্চ পাঁচ ব্যক্তিকে মামলার মধ্যস্থতাকারী নিযুক্ত করবেন। আর্থিক অধিক্ষেত্র ও ভোট: দেওয়ানি মামলার ক্ষেত্রে গ্রাম আদালতের বিদ্যমান আর্থিক এখতিয়ার ২৫ হাজার টাকা। এটা বাড়িয়ে ফৌজদারি অধিক্ষেত্রের সঙ্গে সামঞ্জস্য রেখে ৭৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। গ্রামীণ আর্থ-সামাজিক প্রেক্ষাপটে এটি অপ্রতুল হওয়ায় আর্থিক অধিক্ষেত্র বাড়াতে এ সংশোধনীর প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া যদি সমান সমান ভোটের কারণে কোনো মামলার সিদ্ধান্ত গ্রহণে অচলাবস্থা তৈরি হয়, তবে চেয়ারম্যান একটি নির্ধারণ ভোট দেবেন। ওই ভোটের মাধ্যমেই মামলার বিষয়ে গ্রাম আদালত সিদ্ধান্ত নেবেন। আগের আইনে এ বিষয়ে কোনো বিধান ছিল না।আদালত অবমাননা ও জরিমানা: গ্রাম আদালতের কাছে অভিযোগ না করা হলে অথবা আদালতের আইন অবমাননা করলে ৫০০ টাকা জরিমানার বিধান ছিল। সংশোধনী আইনে জরিমানা বাড়িয়ে ৫০০ থেকে এক হাজার টাকা করা হয়েছে। গ্রাম আদালত সম্মেলনে এ জরিমানা বাড়ানোর সুপারিশ করা হয়েছিল। জানা যায়, বিরোধ মীমাংসা বোর্ড আইনের সঙ্গে মিল রেখেই গ্রাম আদালত আইনে বিষয়টি সংযুক্ত করা হয়েছে। এই জরিমানা দ্রুত আদায় করতে না পারলে অনাদায়ের কারণ উল্লেখ করে একটি আদেশ ইউনিয়ন পরিষদে পাঠানো হবে। জরিমানার এই টাকা ইউনিয়ন পরিষদের তহবিলে জমা রাখা হবে। আগে জরিমানার এই টাকা সরকারি পাওনা আদায় আইন অনুযায়ী আদায় করা হতো।মামলা দায়েরের সময়সীমা নির্ধারণ: ফৌজদারি মামলা দায়েরের ক্ষেত্রে অপরাধ সংঘটিত হওয়ার ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে আবেদন করতে হবে। এ ছাড়া দেওয়ানি মামলা দায়েরের ক্ষেত্রে এ সময়সীমা ৬০ দিন। বিদ্যমান আইনে গ্রাম আদালতে মামলা দায়েরের কোনো সময়সীমা নেই। এতে করে অনেক পুরোনো ফৌজদারি অভিযোগ গ্রাম আদালতে দায়ের করা হয়। এ ধরনের পুরোনো মামলায় সাধারণত সঠিক সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায় না। ফলে তা ন্যায়বিচারে বাধা সৃষ্টি করে। এ সমস্যা দূর করতেই গ্রাম আদালত আইনে নতুন এ ধারা সন্নিবেশিত করা হয়েছে। পুলিশের তদন্ত: গ্রাম আদালতের কোনো মামলা পুলিশ তদন্ত করলে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগবে। এ ছাড়া ফৌজদারি আদালতে কোনো মামলা দায়ের হলে ওই আদালত যদি উপযুক্ত মনে করেন তবে তা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে পাঠিয়ে বিচারের নির্দেশ দিতে পারবেন। গ্রাম আদালতের বিচার্য ফৌজদারি মামলা তদন্তে পুলিশের বাধা না থাকায় গ্রাম আদালতকে পাশ কাটিয়ে এ ধরনের মামলা দায়ের করা হচ্ছিল। ফলে থানায় মামলার সংখ্যা বেড়ে যায়। এ কারণে ওই ধারাটি সংশোধনের প্রস্তাব করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ গতকাল প্রথম আলোকে বলেন, ‘ইউনিয়ন পর্যায়ে অনানুষ্ঠানিক বিচার কাঠামোব্যবস্থা শক্তিশালী করার যে উদ্যোগ সরকার নিয়েছে, সে জন্য আমি তাদের অভিনন্দন জানাই।’ তিনি বলেন, গ্রাম আদালতে যে মামলা ও সালিস হয়, তা রেকর্ড রাখার প্রক্রিয়া শক্তিশালী করা উচিত। পাশাপাশি ইউনিয়ন ও জেলার পাশাপাশি উপজেলা পর্যায়ে পূর্ণাঙ্গ ও আনুষ্ঠানিক আদালত করা উচিত।