মিথ্যা সংবাদ নয়, গঠনমূলক সমালোচনা করুন
মিথ্যা ও বিকৃত সংবাদ পরিবেশন না করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তিনি দেশে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে গঠনমূলক সমালোচনা করার কথা বলেন। দেশের নিরবচ্ছিন্ন উন্নয়নের জন্য বিদ্যমান গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অসুস্থ, অসহায় ও দুর্ঘটনায় আহত সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আজ রোববার এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের গণমাধ্যম সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে। বর্তমান সরকার সেটিকে আরও শক্তিশালী করতে চায়। তবে এই স্বাধীনতার সঙ্গে গণমাধ্যমের কিছু দায়িত্ব আছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। প্রধানমন্ত্রী ৬১ সাংবাদিক ও তাঁদের পরিবারের হাতে চেক তুলে দেন।অনুষ্ঠানে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ (ডিআরইউ) সাংবাদিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। ইউএনবি।