মিথ্যাচার করবেন না
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মিথ্যাচার না করে সত্য কথা বলার অনুরোধ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, অভিযোগ থাকলে বলবেন। কিন্তু সত্যি কথা বলুন। আমার মধ্যে দোষ থাকতেই পারে। তা বলতে পারেন। কিন্তু মিথ্যাচার করবেন না।’কক্সবাজারে রামুর বৌদ্ধপল্লিতে হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মওদুদ আহমদ এসব কথা বলেন। জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম এ আলোচনা সভার আয়োজন করে।মওদুদ আহমদ বলেন, ‘যারা যুক্তিশূন্য, শিষ্টাচারশূন্য, তারাই কেবল ব্যক্তিগত আক্রমণের চেষ্টা করেন। এক রাজনীতিবিদের বিরুদ্ধে আরেক রাজনীতিবিদের ব্যক্তিগত আক্রমণ করা উচিত নয়।’অতীতে কোনো দুর্নীতির জন্য সাজাপ্রাপ্ত হয়ে কারও কাছে ক্ষমা প্রার্থনা করেননি দাবি করে মওদুদ আহমদ বলেন, ‘কোথায়, কার কাছে ক্ষমা চেয়েছি, প্রধানমন্ত্রীকে তা বলতে হবে।’ বিএনপির স্থায়ী কমিটির সদস্য দাবি করেন, ক্যাঙ্গারু কোর্টে তাঁকে নিয়ে মামলা হয়েছিল। পরবর্তী সময়ে তত্কালীন প্রধান সামরিক প্রশাসকই ওই মামলা বাতিল করেন। এ দাবির সত্যতা প্রমাণে ১৯৮৩ সালের ৭ জুলাই তারিখে বিশেষ সামরিক ট্রাইব্যুনাল-২-এর একটি মামলার অনুলিপি সাংবাদিকদের কাছে উপস্থাপন করেন মওদুদ।গত শুক্রবার গণভবনে শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৌদ্ধবিহারে হামলার ঘটনায় বিএনপির তদন্ত প্রতিবেদনের প্রতিক্রিয়া জানান। নয় সদস্যের ওই তদন্ত দলের প্রধান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ সম্পর্কে শেখ হাসিনা বলেন, ‘যারা গুলশানের একটা বাড়ির লোভ সামলাতে পারে না, বিদেশিদের সঙ্গে প্রতারণা করে সেই বাড়ি বেহাত করে নেয়, যে বিশটা নামে অ্যাকাউন্ট খুলে এত বড় ফ্রড করে, যে দুর্নীতির জন্য জেল খাটে, জেনারেল এরশাদ যারে ক্ষমা-ঘেন্না করে মাফ করে দিয়ে আবার দলে ভিড়িয়ে নেয়—তার রিপোর্ট বাংলাদেশের মানুষের কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে?’বিএনপির তদন্ত প্রতিবেদনে দাবি করা হয়েছে, সরকারের নিষ্ক্রিয়তাই রামুর ঘটনা সংঘটিত হতে সহায়তা করেছে। সরকার নিজেদের মদদে এ ঘটনা ঘটিয়েছে।