মিনায় এবার ঘণ্টায় তিন লাখ হাজি শয়তানকে পাথর মারতে পারবেন
হজযাত্রীরা মিনায় এসে পৌঁছেছেন। পবিত্র হজের অংশ হিসেবে তাঁরা মিনায় এসেছেন। তাঁরা মিনার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখছেন। ১০ জিলহজের পর জামারায় খুব ভিড় থাকে। তখন ভালো করে দেখা যায় না। জামারায় পঞ্চম তলা পর্যন্ত কাজ শেষ হয়েছে। এবার ঘণ্টায় একসঙ্গে তিন লাখ হাজি শয়তানকে পাথর নিক্ষেপ করতে পারবেন।হজযাত্রীরা জামারা (শয়তানকে কংকর নিক্ষেপের স্থান), মসজিদে খায়েফ, মিনার তিনটি সেতু (বাদশা খালেদ, বাদশা আবদুল্লাহ, বাদশা ফয়সাল), পায়ে হাঁটার পথ (টিনশেড নামে পরিচিত), মোয়াচ্ছাসা কার্যালয়, এবার চালু হওয়া রেলস্টেশনসহ বিভিন্ন স্থান ঘুরে ঘুরে দেখছেন। হজের অংশ হিসেবে শয়তানকে কংকর নিক্ষেপ করতে হয়। তবে হজের আগেও অনেকে মিনার জামারার কাছে বেড়াতে আসেন। এমনই একজন হজযাত্রী ঢাকার মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের বাসিন্দা সৈয়দ মো. সিয়াম (২৪)। মাকে নিয়ে তিনি হজে এসেছেন। তিনি বেড়াতে এসেছেন জামারায়। তাঁর মতো অনেকে জামারায় এসেছেন।হজের অংশ হিসেবে মিনায় তিন শয়তানকে কংকর মারতে হয়। মসজিদে খায়েফের দিক থেকে মক্কার দিকে আসার সময় প্রথমে জামারায় সগির (ছোট শয়তান), তারপর জামারায় ওস্তা (মেজ) এবং এরপর জামারায় আকাবা (বড় শয়তান)। মিনায় অবস্থানকালে প্রত্যেক শয়তানকে সাতটি করে কংকর নিক্ষেপ করতে হয়।হজরত ইব্রাহিম (আ.) নিজ সন্তান ইসমাঈলকে (আ.) কোরবানি করার জন্য মিনায় নিয়ে যাচ্ছিলেন। জামারায় পৌঁছালে শয়তান তাঁকে ধোঁকা দেয়। তখন শয়তানকে লক্ষ্য করে তিনি কংকর নিক্ষেপ করেন। তিন শয়তানকে তাকবিরসহ কংকর নিক্ষেপ করা অপরিহার্য অংশ। শয়তানের প্রতি ঘৃণা প্রকাশের বহিঃপ্রকাশ হিসেবে এই কংকর নিক্ষেপ করা হয়।সন্তানসম্ভবা স্ত্রীকে ছেড়ে পবিত্র হজ করতে এসেছেন ফরিদপুরের কবির আল মামুন। তিনি মিনার মসজিদে খায়েফ ঘুরে ঘুরে দেখছিলেন। কবির জানান, ‘অসুস্থ স্ত্রীকে ছেড়ে ঈদ করব—এটাই খারাপ লাগছে। তবে হজে এসেছি, এটা ভেবে ভালো লাগছে।’হজে হাজিরা যাতে নির্বিঘ্নে কংকর নিক্ষেপ করতে পারেন, সে জন্য কয়েক বছর ধরে ওই জায়গা সম্প্রসারণের কাজ চলছে। সৌদি গ্রাম ও পৌরবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হাবিব জয়নাল আবেদিন জানান, পঞ্চম তলার কাজ শেষ হয়েছে। জামারাকে পর্যায়ক্রমে ১২ তলা করা হবে। প্রতি তলার দৈর্ঘ্য ৯৫০ মিটার আর প্রস্থ ৮০ মিটার। এবার এখানে প্রতি ঘণ্টায় তিন লাখ হাজি পাথর নিক্ষেপ করতে পারবেন। জামারা কেন্দ্রীয়ভাবে শীতাতপনিয়ন্ত্রিত, এখানে তাপমাত্রা থাকে ২৯ ডিগ্রি সেলসিয়াস। সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য জামারার ভেতরে একাধিক ক্লোজসার্কিট (সিসি) ক্যামেরা বসানো হয়েছে। রয়েছে পর্যাপ্ত টয়লেট, খাবারের দোকান ও সেলুন। এসব নির্মাণে ৪২০ কোটি সৌদি রিয়াল ব্যয় করা হয়েছে। জরুরি প্রয়োজনে হেলিকপ্টার অবতরণের জন্য রয়েছে হেলিপ্যাড। কংকর নিক্ষেপের সুবিধার্থে মিনার পূর্বদিক থেকে আসা হাজিরা আসবেন নিচতলা ও দোতলায়, মক্কা থেকে আসা হাজিরা তৃতীয় তলায়, উত্তর দিক ও মোয়াইসিম থেকে আসা হাজিরা চতুর্থ তলায় এবং আজিজিয়া থেকে আসা হাজিরা পঞ্চম তলায় কংকর নিক্ষেপ করবেন। দুর্ঘটনা এড়াতে ১২টি করে ঢোকার ও বের হওয়ার পথ করা হয়েছে।মিনায় পুরো কমপ্লেক্স চালু হলে একসঙ্গে ৫০ লাখ হাজি পাথর নিক্ষেপ করতে পারবেন। হাজিদের পাথর মারার নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। মোয়াল্লেম নম্বর অনুযায়ী নির্দিষ্ট সময়ে পাথর মারতে হবে। সৌদি মোয়াচ্ছাসা (হজের সার্বিক বিষয় দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত) ১০ জিলহজ সকাল ছয়টা থেকে ১০টা পর্যন্ত এবং ১১ থেকে ১৩ জিলহজ সকাল ১০টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত পাথর মারতে না যেতে হাজিদের অনুরোধ করেছে।এদিকে গতকাল শনিবার পর্যন্ত সৌদি আরবে বাংলাদেশের ৯১ হাজার ২১৯ জন হজযাত্রী মক্কায় পৌঁছেছেন। পবিত্র হজ পালন করতে এসে এ পর্যন্ত ২৩ জন বাংলাদেশি মারা গেছেন।