মিনায় যাচ্ছেন হজযাত্রীরা
পবিত্র হজের অংশ হিসেবে হজযাত্রীরা মক্কার অদূরে মিনায় যাচ্ছেন। গতকাল বৃহস্পতিবার বাসে, গাড়িতে অথবা হেঁটে অনেক হজযাত্রী মিনায় পৌঁছেছেন।মিনায় পৌঁছে হজযাত্রীরা সেখানে দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখছেন। এর মধ্যে রয়েছে জামারা (শয়তানকে কঙ্কর নিক্ষেপের স্থান), মসজিদে খায়েফ, মিনার তিনটি সেতু (বাদশা খালেদ, বাদশা আবদুল্লাহ, বাদশা ফয়সাল), হাঁটার পথ (টিনশেড নামে পরিচিত), মোয়াচ্ছাসা কার্যালয়, এবার চালু হওয়া রেলস্টেশন। ১০ জিলহজের পর জামারায় খুব ভিড় থাকে। তখন এসব স্থান ভালো করে দেখা যায় না।হজের অংশ হিসেবে মিনায় তিন শয়তানকে কঙ্কর মারতে হয়। মসজিদে খায়েফের দিক থেকে মক্কার দিকে আসার সময় প্রথমে জামারায় সগির (ছোট শয়তান), তারপর জামারায় ওস্তা (মেজ শয়তান) এবং পরে আছে জামারায় আকাবা (বড় শয়তান)। শয়তানের প্রতি ঘৃণা প্রকাশের বহিঃপ্রকাশ হিসেবে প্রত্যেক শয়তানকে সাতটি করে কঙ্কর মারতে হয়।হজরত ইব্রাহিম (আ.) নিজ সন্তান ইসমাইল (আ.)-কে কোরবানি করার জন্য মিনায় নিয়ে যাচ্ছিলেন। জামারায় পৌঁছালে শয়তান তাঁকে ধোঁকা দেয়। তখন শয়তানকে লক্ষ্য করে তিনি কঙ্কর নিক্ষেপ করেন।হাজিরা যাতে নির্বিঘ্নে কঙ্কর মারতে পারেন, সে জন্য কয়েক বছর ধরে ওই জায়গা সম্প্রসারণের কাজ চলছে। সৌদি গ্রাম ও পৌরবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হাবিব জয়নাল আবেদিন জানান, জামারাকে পর্যায়ক্রমে ১২ তলা করা হবে। পঞ্চম তলার কাজ শেষ হয়েছে। এবার এখানে প্রতি ঘণ্টায় তিন লাখ হাজি পাথর নিক্ষেপ করতে পারবেন।কঙ্কর নিক্ষেপের সুবিধার্থে মিনার পূর্ব দিক থেকে আসা হাজিরা আসবেন নিচতলা ও দোতলায়, মক্কা থেকে আসা হাজিরা তৃতীয় তলায়, উত্তর দিক ও মোয়াইসিম থেকে আসা হাজিরা চতুর্থ তলায় এবং আজিজিয়া থেকে আসা হাজিরা পঞ্চম তলায় কঙ্কর নিক্ষেপ করবেন। দুর্ঘটনা এড়াতে ১২টি করে প্রবেশপথ ও বের হওয়ার পথ করা হয়েছে।হাজিদের পাথর মারার নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। মোয়াল্লেম নম্বর অনুযায়ী নির্দিষ্ট সময়ে পাথর মারতে হবে। সৌদি মোয়াচ্ছাসা (হজের সার্বিক বিষয় দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত) ১০ জিলহজ সকাল ছয়টা থেকে ১০টা পর্যন্ত এবং ১১ থেকে ১৩ জিলহজ সকাল ১০টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত পাথর মারতে না যেতে হাজিদের অনুরোধ করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল পর্যন্ত এক লাখ পাঁচ হাজার ৬১৭ জন বাংলাদেশি হজযাত্রী মক্কায় পৌঁছেছেন। এবার পবিত্র হজ পালন করতে এসে এ পর্যন্ত স্বাভাবিক কারণে ৪০ জন বাংলাদেশি মারা গেছেন।হজ ব্যবস্থাপনায় মুঠোফোনে খুদে বার্তার পাশাপাশি আইভিআর (ইন্টার-অ্যাকটিভ ভয়েস রেসপন্স) সার্ভিস চালু হয়েছে। এ সেবাটি পেতে হলে মুঠোফোন থেকে ১৬২২০ নম্বরে ফোন করে তথ্য জানা যাবে।বাংলাদেশের অনেক হজযাত্রী ঢাকার হজক্যাম্পে হজ-সম্পর্কিত বই পেয়েছেন। নোয়াখালীর চাটখিল থেকে আসা মো. সিরাজুল ইসলাম বলেন, ‘হজে আসার আগে অনেক বই-পুস্তক পড়েছি। ঢাকার আশকোনা হজক্যাম্পে বিনা মূল্যে পেয়েছি প্রথম আলোর হজগাইড। তা সঙ্গে এনেছি। এ গাইডে হজের নিয়মকানুন ছাড়াও বেশ কিছু টিপস দেওয়া আছে, যা সৌদি আরবে সবার জন্য সহায়ক হয়েছে।’ তিনি এই হজগাইডটি পড়তে হজযাত্রীদের প্রতি অনুরোধ জানান।হজের অংশ হিসেবে হাজিদের মিনায় পাঁচ দিন অবস্থান করতে হয়। জিলহজ মাসের ৯ তারিখে দিনের বেলা হাজিদের আরাফাতে, রাতে মুজদালিফায় অবস্থান করতে হয়। সৌদি আরব কর্তৃপক্ষ হাজিদের মিনা, আরাফাত, মুজদালিফায় যাতায়াতের সুবিধার জন্য ২০১০ সালে আরাফাত থেকে মিনা পর্যন্ত মনোরেল সেবা চালু করেছে। প্রায় ১৮ কিলোমিটার এই পথে নয়টি স্টেশন (আরাফাতে তিনটি, মুজদালিফায় তিনটি এবং মিনায় তিনটি)।সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, মনোরেল থাকায় একদিকে হাজিদের যাতায়াত সহজ হবে, অন্যদিকে আরাফাত ও মিনায় এ সময়ে যানজটও কমবে। জয়পুরহাটের বাসিন্দা বর্তমানে মনোরেলের মানবসম্পদ সরবরাহকারী নুরুল আমিন জানান, প্রতিটি ট্রেনে ১২টি বগি থাকবে। প্রাথমিকভাবে ১০টি ট্রেন চালু করা হলেও পরে ট্রেনের সংখ্যা বাড়বে। একটি ট্রেনে সাড়ে তিন হাজার হাজি যাতায়াত করতে পারবেন।প্রতিদিন হাজিদের ছবি, মৃত হাজির তালিকা ও বুলেটিনে তথ্য হালনাগাদ করা হয় এই ঠিকানায় www.hajj.gov.bd।