মিনিকেট ও লতা চালের দাম আরও বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক সপ্তাহের ব্যবধানে কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন মোকাম ও পাইকারি বাজারে মিনিকেট ও লতা চালের দাম মণপ্রতি ৪০ থেকে ৫০ টাকা বেড়েছে। আর খুচরা বাজারে এক সপ্তাহে মোটা চালের দাম আর না বাড়লেও অন্যান্য চালের দাম কেজিতে বেড়েছে এক টাকা।পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা জানান, মিল-মালিকদের অতিরিক্ত ব্যাংকঋণ ও মজুদদারির কারণে বাজারে দাম বাড়ছে। তবে মিল-মালিকদের দাবি, ঘন কুয়াশা, ধানের দাম বেশি ও কয়েকটি চালের মৌসুম শেষ পর্যায়ে থাকায় দাম কিছুটা বাড়তির দিকে।বাবুবাজারের একাধিক ব্যবসায়ী জানিয়েছেন, মিল-মালিকেরা বেসরকারি ব্যাংক থেকে বিপুল পরিমাণ ঋণ নিয়ে মৌসুমের শুরুতে ধান কিনে মজুদ রাখেন। বাজারে চালের দাম কম বা বেশি হওয়া তাঁদের ওপরই নির্ভর করছে। বাজারে চালের দাম যতই বাড়ুক, বেচাকেনা বন্ধ হবে না। এ কারণে মৌসুমের শুরুতে বিপুল পরিমাণ ধান চলে যায় মিল-মালিকদের গুদামে।বাংলাদেশ রাইস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মোহাম্মদ নাঈম প্রথম আলোকে বলেন, কয়েকটি কারণে বাজারে চালের দাম বাড়ছে। কয়েক দিন ধরে ঘন কুয়াশার কারণে ধান শুকাতে সমস্যা হচ্ছে। চালবোঝাই ট্রাক ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পৌঁছাতেও সমস্যা হচ্ছে। তিনি বলেন, কুষ্টিয়ার মোকাম মালিকেরা মিনিকেট চালের বাজার নিয়ন্ত্রণ করেন। সরকার কুষ্টিয়ার ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করতে পারলে বাজার স্থিতিশীল হবে। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, ঘন কুয়াশার কারণে চাল উত্পাদন ও বিভিন্ন বাজারে পৌঁছাতে কিছুটা সমস্যা হচ্ছে। টেস্ট রিলিফের (টিআর) আরও এক লাখ ১২ হাজার টন চাল ২০ জানুয়ারি ছাড়া হবে। আজ মন্ত্রণালয়ে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। এতেও বাজার নিয়ন্ত্রণ না হলে সরকার খোলাবাজারে চাল ছাড়বে।দিনাজপুরের মিল-মালিক সুজা চৌধুরী জানান, এক সপ্তাহ আগেও প্রতি মণ গুটি স্বর্ণা ধানের দাম ৫৯০ থেকে ৬০০ টাকা ছিল। বর্তমানে তা বেড়ে ৬২০ থেকে ৬৩০ টাকায় বিক্রি হয়েছে। ধানের বাজার নিয়ন্ত্রণ করা তাঁদের পক্ষে সম্ভব নয়। চাঁপাইনবাবগঞ্জের চাতাল-মালিক নাসির উদ্দিন জানান, তাঁদের এলাকায় এক সপ্তাহের ব্যবধানে প্রতি মণ ধানের দাম ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে।রাজধানীর কারওয়ান বাজারের বরিশাল রাইস এজেন্সির মালিক আইয়ুব আলী জানান, গত এক সপ্তাহে এখানে মিনিকেট, লতা ও পারিজা চালের দাম কেজিপ্রতি এক টাকা বেড়েছে। তিনি জানান, ৩৮ টাকার মিনিকেট ৩৯ টাকা ও ৩৫ টাকার লতা ৩৬ টাকা হয়েছে। তবে এক সপ্তাহে মোটা চালের দাম বাড়েনি।দেশের অন্যতম বৃহত্ চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে নানা কারণে বেড়ে গেছে চালের দাম। এর প্রভাব সারা দেশেই পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। কয়েক দিনের ব্যবধানে মিনিকেট ও লতা চালের দাম বেড়েছে কেজিতে তিন থেকে চার টাকা। তবে খোঁজ নিয়ে জানা গেছে, খাজানগরের চার শতাধিক মিলের প্রায় প্রতিটিতেই পর্যাপ্ত ধান-চাল মজুদ আছে। তার পরও ধানের উত্পাদন কম বলে দাম বাড়ানো হচ্ছে। কুষ্টিয়া জেলা চালকল মালিক সমিতির সভাপতি আবদুল মজিদ বলেন, কুষ্টিয়া অঞ্চলে ধানের উত্পাদন এবার কম হয়েছে। বাইরের বিভিন্ন মোকাম ও বাজারে ধানের দাম বেড়ে গেছে। এ কারণে চালের দামও বাড়ছে। তিনি বলেন, ১৫ দিন আগে যে দামে চাল কেনা হয়েছে, এখন তা থেকে মণপ্রতি ১০০ টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে। ১৫ দিন আগে মোটা ধান ৭০০ টাকা মণ ছিল। এখন সেটা ৮০০ টাকা। ফলে চালের দামও বাড়ছে।কুষ্টিয়ার সর্ববৃহত্ চালকল রশিদ অ্যাগোফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, মিনিকেট চালের মৌসুম শেষ পর্যায়ে থাকায় দাম বাড়তির দিকে। তাঁর মতে, ব্যবসায়ীরা যে পরিমাণ ধান বা চাল মজুদ রাখতে পারেন, সেই ধারণক্ষমতা সরকারের নেই। এ কারণে হয়তো অনেকে ধান কিনে মজুদ রাখেন। তবে এটি দেশের জন্য কোনো ক্ষতিকর কিছু নয়। কারণ দেশে ধান বা চাল মজুদ থাকলে সংকটকালে কাজে লাগবে।গতকাল রোববার রাজধানীর পাইকারি বাজারে প্রতি কেজি মিনিকেট ৩৬ টাকা ১৭ পয়সা থেকে ৩৮ টাকা ৫ পয়সা, লতা ৩৩ টাকা ৪৯ পয়সা থেকে ৩৪ টাকা ৮৩ পয়সা, পারিজা ২৮ টাকা ১৪ পয়সা থেকে ২৯ টাকা ৪৮ পয়সা এবং নাজিরশাইল ৩৩ টাকা ৪৯ পয়সা থেকে ৪১ টাকা ৫৩ পয়সা কেজি দরে বিক্রি হয়েছে। আর খুচরা বাজারে প্রতি কেজি মিনিকেট ৩৯ টাকা, নাজিরশাইল ৩৫ থেকে ৪৪ টাকা, লতা ৩৫ থেকে ৩৬ টাকায় বিক্রি হয়েছে।