মিনিটের কাঁটা ঘণ্টায়...
রাশেদ আহমদ। পেশায় ব্যবসায়ী। নগরের সোনারপাড়া এলাকার বাসিন্দা। তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান শহরের প্রাণকেন্দ্র বন্দরবাজার এলাকায়। প্রতিদিন তিনি রিকশা করে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে যান। সাধারণত সেখানে পৌঁছতে সময় লাগে ১৫-২০ মিনিট। ১৪ ফেব্রুয়ারি তিনি প্রতিদিনের মতো বাসা থেকে ব্যবসাপ্রতিষ্ঠানের উদ্দেশে সকাল নয়টায় বের হন। রিকশাও পেয়ে যান। কিন্তু কিছুক্ষণ চলার পরই যানজটে আটকা পড়ে রিকশা। তিনি গন্তব্যে পৌঁছেন ১২টায়। চরম বিরক্তি আর ক্ষোভ প্রকাশ করে রাশেদ আহমদ বলেন, ‘নগরে ইদানীং যানজট ভয়ংকর দুর্বিষহ হয়ে উঠেছে। দেখার কেউ নেই। একবার যানজট লাগলে তা ছুটতে ছুটতে ঘণ্টা তিনেক সময় লেগে যায়। অনেক সময় জরুরি কাজও মিস হয়ে যায়।’একনাগাড়ে বলতে থাকেন তিনি। ‘আমার কথাই ধরুন, বের হয়েছি সকাল নয়টায় আর এখন বাজে দুপুর ১২টা। দোকানের চাবি আমার কাছে। কর্মচারীরা সকাল থেকে দোকানের সামনে আমার জন্য অপেক্ষা করছে। অথচ আমি এখন পর্যন্ত জ্যামে আটকা পড়ে আছি। দিনের অর্ধেক সময় তো জ্যামেই কেটে গেল। এভাবে যদি দিনের পর দিন যায় ব্যবসা লাটে উঠবে।’