মিনিবাসে এবার ভাড়ার ‘তালিকা প্রতারণা’
রাজধানীতে বাসের জন্য নির্ধারিত ভাড়ার তালিকা অনেক মিনিবাসে টানিয়ে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। কাউন্টারভিত্তিক যেসব মিনিবাসে তালিকা নেই, সেগুলোর টিকিট বিক্রির কাউন্টারেও রাখা হয়েছে বাসের ভাড়ার তালিকা। মিনিবাসের চেয়ে বাসের ভাড়া ও সর্বনিম্ন ভাড়া বেশি হওয়ায় মালিকেরা এভাবে ‘তালিকা প্রতারণা’ করছেন।সরকার সম্প্রতি বাসের জন্য কিলোমিটারপ্রতি এক টাকা ৫৫ পয়সা ও সর্বনিম্ন ভাড়া সাত টাকা নির্ধারণ করেছে। মিনিবাসে কিলোমিটারপ্রতি ভাড়া এক টাকা ৪৫ পয়সা ও সর্বনিম্ন ভাড়া পাঁচ টাকা।বাসের ভাড়ার তালিকা টানানো প্রসঙ্গে মিরপুর থেকে সদরঘাট পথে চলাচলকারী মিনিবাস ইউনাইটেড পরিবহনের একজন শ্রমিক গতকাল বৃহস্পতিবার বলেন, যাত্রীদের কৌশলে ধোঁকা দেওয়ার জন্যই এটা টানানো হয়েছে।গুলিস্তান থেকে গাজীপুরে চলাচলকারী মিনিবাস বনশ্রী পরিবহনের একজন টিকিট বিক্রেতা বলেন, কাউন্টারভিত্তিক বাসে খুব কমই ভাড়ার তালিকা টানানো হয়। টিকিট কাউন্টারে তালিকার কপি সংরক্ষণ করা হয়। অনেক যাত্রী, সাংবাদিক ও পুলিশ তালিকা দেখতে চাইলে দেখানো হয়। কিন্তু এই ভাড়ার তালিকা মিনিবাসের না বাসের, তা তাঁদের অনেকেই বোঝেন না।ঢাকা মহানগর পরিবহন কমিটির (ঢাকা মেট্রো-আরটিসি) হিসাবে রাজধানী ও এর আশপাশে পাঁচ হাজার ৪০৮টি বাস-মিনিবাসের চলাচলের অনুমতি (রুট পারমিট) আছে। এর মধ্যে বাস দুই হাজার ২৪৬টি এবং মিনিবাস তিন হাজার ১৬২টি। অর্থাৎ মিনিবাসই বেশি।মেট্রো-আরটিসি ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সূত্র জানায়, একাধিক কোম্পানির বাস-মিনিবাসের যাত্রা শুরু এবং গন্তব্য একই স্থানে বা কাছাকাছি দূরত্বে। ফলে বাসের জন্য যে ভাড়ার তালিকা দেওয়া হয় সেই পথে চলাচলকারী মিনিবাসের মালিকেরাও একই তালিকা ব্যবহার করে ফেলেন। দূরত্ব বা থামার স্থানের ক্ষেত্রে তেমন হেরফের না থাকায় মালিকেরা অনায়াসে এই প্রতারণা করতে পারেন।মোহাম্মদপুর থেকে শনির আখড়া পথে চলাচল করা আর্ক পরিবহনের একটি মিনিবাসের শ্রমিক দুপুরে ফার্মগেটে বলেন, তাঁরা বাসের ভাড়ার তালিকা টানিয়েছেন, ভাড়া নিচ্ছেন তাঁদের পরিবহনের হার অনুযায়ী। কোনো যাত্রী এর প্রতিবাদ করলে তাঁকে অন্য বাসে চলার পরামর্শ দেওয়া হয়। আর্ক পরিবহনের কয়েকটিতে মিনিবাসের ভাড়ার তালিকাও টানানো হয়েছে। তবে সেগুলোতেও একই হারে ভাড়া নেওয়া হচ্ছে।গুলিস্তান থেকে নারায়ণগঞ্জের পঞ্চবটী পথে চলাচলকারী বোরাক পরিবহনের কাউন্টারে ভাড়ার তালিকা আছে কি না, জানতে চাইলে টিকিট বিক্রেতা মাহফুজুর রহমান একটি তালিকা টেবিলের নিচ থেকে বের করেন। তবে এটি বাসের ভাড়ার তালিকা। কিন্তু বোরাক পরিবহনের সবই মিনিবাস।গাজীপুর পরিবহন, সুপ্রভাত, বিকল্প অটো, শিখর পরিবহনের মিনিবাসে এবং টিকিট কাউন্টারে বাসের ভাড়ার তালিকা দেখা গেছে। সুপ্রভাত পরিবহনের কর্মী মমিনুল ইসলাম এ প্রসঙ্গে দাবি করেন, তাঁদের পরিবহনে বাস-মিনিবাস দুটোই আছে। সরকার নির্ধারিত হারেই ভাড়া নেওয়া হচ্ছে।সরেজমিনে দেখা গেছে, গাবতলী-যাত্রাবাড়ী (রুট-২২ ও ২১), মতিঝিল-বনানী পথের (রুট-৬)সহ বেশ কিছু পথে বিভিন্ন কোম্পানির মিনিবাসে ভাড়ার কোনো তালিকাই টানানো হয়নি।এদিকে বাড়তি ভাড়া আদায়ের দায়ে গতকাল বিআরটিএর একটি ভ্রাম্যমাণ আদালত ১৩টি বাসের বিরুদ্ধে মামলা করেছেন। জরিমানা আদায় করা হয় ৪৪ হাজার টাকা।সিপিবির মানববন্ধন: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বাড়তি বাসভাড়া আদায়ের প্রতিবাদে গতকাল ঝিগাতলায় মানববন্ধন করেছে। দলটি ধারাবাহিকভাবে রাজধানীর বিভিন্ন বাসস্ট্যান্ডে বাড়তি ভাড়া আদায়ের প্রতিবাদে এ কর্মসূচি পালন করবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।