মিনিবাসের ধাক্কায় পরিবহনপ্রতিষ্ঠানের পরিচালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্লবীতে আজ শুক্রবার বিকেলে মিনিবাসের ধাক্কায় রতন আলম (৪২) নামের এক মিনিবাস-মালিক নিহত হয়েছেন। তিনি পরিবহনপ্রতিষ্ঠান তিতাস পরিবহন লিমিটেডের পরিচালকও ছিলেন।প্রত্যক্ষদর্শী ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, আজ বিকেল চারটার দিকে মিরপুর ১২ নম্বর এলাকায় গ্রামীণ পরিবহনের একটি মিনিবাস একটি রিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে রিকশার আরোহী রতন, শাহিনুল ইসলাম ও মো. রিপন সড়কে ছিটকে পড়েন। দুর্ঘটনায় গুরুতর আহত হন রতন ও রিপন। তাঁদের উদ্ধার করে প্রথমে উত্তরা আধুনিক হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রতন মারা যান। তাঁর মাথায় গুরুতর আঘাত ছিল। রিপনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রিকশার আরোহী শাহিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, তিনি ও আহত রিপন তিতাস পরিবহন লিমিটেডের কর্মকর্তা। প্রতিষ্ঠানে রতনসহ তাঁদের ১১ জনের ৪০টি বড় ও মিনিবাস আছে। একটি মিনিবাসের মালিক ছিলেন রতন। তিনি বলেন, আজ পল্লবী আট নম্বর সড়কে প্রতিষ্ঠানের কার্যালয় থেকে তাঁরা তিনজন ব্যবসায়িক কাজ শেষ করে মিরপুর ৬ নম্বর এলাকায় যাচ্ছিলেন। মিরপুর ৬ নম্বর এলাকায় রতনের বাসা।শাহিনুল আরও বলেন, ঘটনার পরপরই চালক মিনিবাস নিয়ে পালিয়ে গেছেন। যোগাযোগ করা হলে আজ সন্ধ্যা সাতটায় পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) তুহিন আলী প্রথম আলো ডটকমকে বলেন, ‘ঘটনা শুনেছি। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।’