মিনু-নাদিম উভয়েই চান পূর্ণ নিয়ন্ত্রণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে বিএনপির রাজনীতি আবর্তিত হয় মিজানুর রহমান মিনু ও নাদিম মোস্তফাকে ঘিরে। মিজানুর রহমান রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব। অন্যদিকে নাদিম মোস্তফা সাবেক সাংসদ ও রাজশাহী জেলা কমিটির সভাপতি।দুজনের মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিনের। উভয়ই চান মহানগর ও জেলার রাজনীতির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ।২০০৯ সালে সম্মেলনের মাধ্যমে মিজানুর রহমান মহানগর বিএনপির সভাপতি ও শফিকুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কাছাকাছি সময়ে নাদিম মোস্তফাকে সভাপতি এবং কামরুল মনিরকে সাধারণ সম্পাদক করে কেন্দ্র থেকে জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়। নগরের ভুবন মোহন পার্কের পাশে কাবিল ম্যানশনের একটি ভাড়া বাড়িতে জেলা ও মহানগর বিএনপির কার্যালয়। কিন্তু জেলা ও মহানগর ইউনিটের মধ্যে দ্বন্দ্বের কারণে জেলা বিএনপির নেতা-কর্মীরা এই কার্যালয়ে আসেন না। তবে এ কথা মানতে নারাজ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। তিনি বলেন, জেলার নেতা-কর্মীরাও এই কার্যালয়ে আসেন। তবে নাদিম মোস্তফা নিয়মিত আসেন না। তিনি যখন যেখানে বসেন, তখন সেটাই তাঁর কার্যালয় হয়ে যায়। নাদিম মোস্তফার বিরুদ্ধে প্রায় একই রকম অভিযোগ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমানের—‘নাদিম মোস্তফা হচ্ছেন রাজা আর আমরা সবাই প্রজা। উনি যা করবেন, সবাইকে তাই মানতে হবে। তিনি কারও সঙ্গে পরামর্শ করে কোনো কাজ করেন না’।জেলা বিএনপির সহসভাপতি দেলোয়ার হোসেনের অভিযোগ, নাদিম মোস্তফা দলের ভেতর একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য ঘরে বসে কমিটি তৈরি করছেন। এতে জেলা বিএনপির সাংগঠনিক কাঠামো একেবারে ভেঙে পড়েছে। পাল্টা অভিযোগ রয়েছে মিজানুর রহমানের বিরুদ্ধেও। বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক সুরুজ্জামান সুরুজের অভিযোগ, মিজানুর রহমান একক নেতৃত্বে মহানগর ও জেলা বিএনপি চালাতে চান। তিনি বলেন, নাদিম মোস্তফা জেলার দায়িত্ব নেওয়ার পর দল চাঙা হয়েছে। মিজানুর রহমান এটা মানতে পারছেন না। দলীয় সূত্র জানায়, রাজশাহী জেলা যুবদলের তোফাজ্জল হোসেন ও মিজানুর রহমান খোকনের নেতৃত্বাধীন কমিটি সম্মেলন করার জন্য জেলা যুবদলের ২৩টি সাংগঠনিক ইউনিটের ১৯টিতে কমিটি করে। পরে গত ৩০ সেপ্টেম্বর আনোয়ার হোসেনকে আহ্বায়ক করে যুবদলের কমিটি গঠন করা হয়। এই কমিটি আগের কমিটির গঠন করা যুবদলের ১৯টি কমিটিই ভেঙে দেয়। এ নিয়ে মাঠপর্যায়ে চরম অসন্তোষ দেখা দেয়। তবে আনোয়ার হোসেনের দাবি, যারা কোনো কাজ না করে, দলের পদ ভাঙিয়ে খেয়েছে, তারাই নাদিম মোস্তফার বিরুদ্ধে ক্ষুব্ধ। তৃণমূল পর্যায়কে শক্তিশালী করার জন্য নাদিম মোস্তফা কাজ করছেন।যোগাযোগ করা হলে নাদিম মোস্তফা দাবি করেন, জেলা বিএনপি আগের চেয়ে এখন অনেক বেশি গতিশীল। যারা আসলেই বিএনপির রাজনীতি করে, তাদের দিয়েই কমিটি করা হয়েছে। কারও নাম উল্লেখ না করে নাদিম মোস্তফা বলেন, তিনি তো মহানগরের কোনো কমিটির ব্যাপারে হস্তক্ষেপ করেননি। জেলা নিয়ে তাঁদের এত মাথাব্যথা কেন?অপরদিকে মিজানুর রহমান বলেন, এটা পুলিশ বা সামরিক বাহিনী নয়, কেউ মহানগর কেউ জেলার দায়িত্বে থাকবে। ঘরে বসে কমিটি করলে তা কখনোই গ্রহণযোগ্য হবে না। সম্মেলন করেই কমিটি করতে হবে।