মিয়ানমার সীমান্ত ও পার্শ্ববর্তী এলাকায় সেনা সমাবেশের খবরকে নিছক ‘গুজব’ বলে দাবি করেছে মিয়ানমার ও বাংলাদেশের সীমান্ত রক্ষায় নিয়োজিত সেদেশের নাসাকা বাহিনী। আজ শনিবার মিয়ানমারের মংডু টাউনশিপের ৬ নম্বর নাসাকা সেক্টর কার্যালয়ে বিজিবি ও নাসাকা বাহিনীর মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে এক ঘণ্টার পতাকা বৈঠকে মিয়ানমার এ দাবি করে।সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আট সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন টেকনাফে ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহেদ হাসান। অন্যদিকে, ১০ সদস্যের মিয়ানমার দলের নেতৃত্ব দেন সে দেশের নাসাকা বাহিনীর ৬ নম্বর সেক্টরের ডেপুটি পরিচালক ইউ থেং মি। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ বৈঠক হয়।বিজিবি সূত্র জানায়, সকাল নয়টার দিকে টেকনাফ দিয়ে নাফ নদী অতিক্রম করে বাংলাদেশ প্রতিনিধিদল মিয়ানমারের মংডু শহরে যায়। এ সময় নাসাকার সদস্যরা তাঁদের স্বাগত জানান। তারপর দুই দেশের সীমান্তরক্ষীদের বৈঠকটি অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান লে. কর্নেল জাহেদ হাসান নাসাকা কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘আমরা বিভিন্ন মাধ্যমে খবর পেয়েছি, মিয়ানমার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সীমান্তের তুমব্রু, বলিবাজার, মংডুসহ বিভিন্ন স্থানে সেনা সমাবেশ ঘটাচ্ছে। এ প্রসঙ্গে মিয়ানমারের সুস্পষ্ট বক্তব্য আশা করছি।’ জবাবে মিয়ানমার প্রতিনিধিদলের নেতা ইউ থেং মি বলেন, ‘মিয়ানমার সীমান্তে কোনো সেনা সমাবেশ ঘটানো হয়নি। সেনা সমাবেশ নিয়ে যে গুজব ছড়ানো হচ্ছে—তা বাংলাদেশের টেলিভিশন ও পত্রিকায় হচ্ছে। এটা স্রেফ গুজব বলে ধরে নিতে পারেন। তা ছাড়া সেনা সমাবেশ ঘটানোর মতো কোনো কারণও দেখা যাচ্ছে না।’ইউ থেং মি জানান, ‘সমুদ্রসীমা নিয়ে আন্তর্জাতিক আদালত যে রায় দিয়েছে মিয়ানমার সরকার তা মেনে নিয়েছে। সে ক্ষেত্রে নাসাকার বিরোধিতার কোনো সুযোগ নেই। আমরা মনে করি, সমুদ্র সীমানা নির্ধারিত হওয়ায় দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে দীর্ঘদিনের ভুল বোঝাবুঝির অবসান হবে। এই রায়ের আলোকে আমরা ভালো কাজ করতে পারব।’ দুপুর ১২টায় বাংলাদেশ প্রতিনিধিদল নাফ নদী অতিক্রম করে মিয়ানমার থেকে টেকনাফে ফিরে আসেন। এ সময় দলের প্রধান ও ৪২ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহেদ হাসান সাংবাদিকদের বলেন, সেনা সমাবেশের ঘটনাটিকে নাসাকা কর্মকর্তারা ‘স্রেফ গুজব’ বলে জোরালোভাবে উড়িয়ে দিয়েছেন। নাসাকার পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের কিছু টেলিভিশন ও দৈনিক পত্রিকা সেনা সমাবেশ ঘটানো নিয়ে গুজব ছড়াচ্ছে। এর জবাবে বিজিবি বলেছে, বাংলাদেশি কোনো মিডিয়া এসব প্রচার করছে না। উল্লেখ্য, গত বৃহস্পতিবার মিয়ানমার সীমান্তের বাংলাদেশ অংশের ঘুমধুম, বালুখালী ও তুমব্রু এলাকার কয়েক কিলোমিটার সীমান্ত পরিদর্শন করে বিজিবির চট্টগ্রাম সেক্টরের কমান্ডার কর্নেল মো. বশিরুল ইসলাম বলেছিলেন, মিয়ানমার সীমান্তে সেনা সমাবেশ ঘটানোর কোনো তথ্য তিনি উদঘাটন করতে পারেননি।