মিয়ানমারে নির্বাচনের পরই মুক্তি পাচ্ছেন সু চি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের গৃহবন্দী নেত্রী অং সান সু চিকে আগামী নভেম্বর মাসে মুক্তি দেওয়া হবে। গত দুই দশকের মধ্যে দেশটিতে প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কয়েক দিন পরই সু চিকে মুক্তি দেওয়া হবে। সামরিক জান্তাশাসিত দেশটির কর্মকর্তারা এ কথা জানান।নোবেল শান্তি পুরস্কার জয়ী অং সান সু চি ১৯৯০ সালে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হন। এর পরে গত ২০ বছরের বেশির ভাগ সময়ই তিনি গৃহবন্দী রয়েছেন। সু চির গৃহবন্দিত্বের মেয়াদ ১৩ নভেম্বরে শেষ হবে বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন। এর পরেই তাঁকে মুক্তি দেওয়া হবে। প্রসঙ্গত, আগামী ৭ নভেম্বর মিয়ানমারে নির্বাচন অনুষ্ঠিত হবে। একজন সরকারি কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার জানান, নির্বাচন এবং সু চির মুক্তিকে সামনে রেখে নভেম্বর মাসে মিয়ানমার সরকারের খুবই ব্যস্ত সময় কাটবে।—পিটিআই