মিয়ানমারে বিমান হামলায় জাতিসংঘের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের কাচিন রাজ্যে বিমান হামলার খবরে গতকাল বুধবার উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়। কাচিন রাজ্যে ২০ মাস ধরে সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষের ঘটনা বেড়েই চলছে। জাতিসংঘের মুখপাত্র মার্টিন নেসিরকি এক বিবৃতিতে বলেন, কাচিন রাজ্যের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলার বিষয়ে সম্প্রতি যেসব প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেগুলো গুরুত্বের সঙ্গেই নিয়েছেন বান কি মুন।ওই এলাকার বেসামরিক জনগণের জীবন হুমকির মুখে পড়ে বা সেখানে সংঘাত তীব্র আকার ধারণ করে—এমন কোনো কাজ থেকে বিরত থাকতে মিয়ানমারের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব। প্রায় ৫০ বছরের সামরিক শাসনের পর ২০১১ সালে মিয়ানমারে জান্তা-সমর্থিত বেসামরিক সরকার ক্ষমতায় আসে।এই সরকার সেখানে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সংস্কার শুরু করে। এতে ওই দেশের প্রতি বিদেশি বিনিয়োগকারীরা আগ্রহী হন। সংস্কার-প্রক্রিয়া উত্সাহিত করতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন দেশটির ওপর থেকে দীর্ঘদিনের অবরোধ তুলে নেয়।সংস্কার পদক্ষেপ নেওয়া সত্ত্বেও সেখানে কাচিনসহ বিভিন্ন রাজ্যে জাতি ও গোষ্ঠীগত সহিংসতা চলছে।