মিয়ানমারে ভাবমূর্তি হারাচ্ছেন সু চি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরের পর বছর ধরে গৃহবন্দী ছিলেন মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি। সামরিক জান্তার দমন-পীড়ন সত্ত্বেও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে অবিচল ছিলেন তিনি। পার্লামেন্টে বিরোধী দলের নেত্রী হিসেবে সেই সু চিই এখন সামরিক জান্তার তোষামোদ করছেন। এতে নিজ দেশেই ভাবমূর্তি হারাচ্ছেন তিনি। গত শনিবার ‘দ্য নিউইয়র্ক টাইমস’ অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।পাঁচ দশকের সামরিক শাসনের পর সেনাবাহিনী ও সু চির মধ্যে এক ধরনের রাজনৈতিক মিত্রতা অবলোকন করছে মিয়ানমার।সু চি তাঁর রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসিকে (এনএলডি) সংগঠিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাঁর সামনে হাতছানি দিচ্ছে মিয়ানমারের নেতৃত্ব।সমালোচকদের মতে, সমঝোতার মাধ্যমে সু চি নিজের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করছেন। মিয়ানমারে সংখ্যালঘু কোচিনদের বিরুদ্ধে সেনাবাহিনীর রক্তক্ষয়ী দমন অভিযান, জাতিগত দাঙ্গা ও রোহিঙ্গা ইস্যুতে নীরব ভূমিকা পালন করেছেন। উপরন্তু নিজেকে সামরিক বাহিনীর ‘দারুণ ভক্ত’ হিসেবে মন্তব্য করে নিজের রাজনৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছেন।যুক্তরাষ্ট্রের নিউ জার্সির রাটগার্স বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও মিয়ানমারের রাজনীতি বিশেষজ্ঞ জোসেফ সিলভারস্টেইনের মতে, বহির্বিশ্বের কাছে সু চি আগে যেমন ছিলেন, এখনো তেমনিই আছে। কিন্তু তিনি নিজেকে অপ্রয়োজনীয় করে তুলছেন। আমরা এখন আর সু চিকে সু চির মতো করে কথা বলতে শুনি না।জাতিগতভাবে বিভক্ত ও দারিদ্র্যপীড়িত একটি দেশে ভিন্নমতাবলম্বী থেকে রাজনীতিবিদ হিসেবে সু চির যাত্রা কখনো সহজ ছিল না। মিয়ানমারের মতো একটি দেশে অনুসরণীয় ব্যক্তিত্ব থেকে সফল নেতায় পরিণত হওয়ার বেশ ঝুঁকিপূর্ণই বটে।মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সু চি আত্মত্যাগ উপাখ্যানের মতো। তবে সেনাবাহিনীর সঙ্গে তাঁর সমঝোতামূলক অবস্থান নিজ দলের ভেতরেও তাঁকে বিতর্কিত করে তুলেছে।এনএলডির জ্যেষ্ঠ সদস্য উইন তিনের মতে, দলটি এখন মধ্য পর্যায়ের নেতৃত্ব শূন্যতায় ভুগছে। সু চির সামনে কেউ কথা বলার সাহস করে না। এটা ভীতির কারণে নয়, বরং তাঁর প্রতি শ্রদ্ধার কারণে।অন্যদিকে সু চির সমর্থকেরা মনে করছেন, সাবেক সেনাশাসকদের সঙ্গে মিত্রতার ক্ষেত্রে তাঁদের নেত্রী সতর্কতার সঙ্গে হিসাবনিকাশ করে এগোচ্ছেন। মিয়ানমারের রাজনৈতিক বাস্তবতা হচ্ছে, দেশটিতে সেনাবাহিনী এখনো বেশ ক্ষমতাশালী।