মিয়ানমারে মাদ্রাসায় আগুন, ১৩ শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের ইয়াঙ্গুনে আজ মঙ্গলবার ভোররাতে এক অগ্নিকাণ্ডের ঘটনায় ১৩ জন শিশু মারা গেছে। সরকারি কর্মকর্তাদের মতে, এটি একটি দুর্ঘটনা হতে পারে। ঘটনাটি এমন সময় ঘটল, যখন দেশটিতে সংখ্যালঘু মুসলিমদের ওপর সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধধর্মাবলম্বীদের ব্যাপক সহিংসতা চলছে। আজ রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।ঘটনার পর থেকে দাঙ্গা পুলিশ ওই এলাকা ঘিরে রেখেছে। দেশটির কর্মকর্তারা জানান, ভোররাত পৌনে তিনটার দিকে বোতাতং জেলার একটি মসজিদ-সংলগ্ন ওই মাদ্রাসায় আগুন লাগে। এতে ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে ১৩ জন ছেলেশিশু মারা যায়।প্রত্যক্ষদর্শীরা জানান, মার্চ মাসে সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনার পর থেকে মাদ্রাসার দরজা তালাবদ্ধ ও জানালা বন্ধ ছিল। ঘটনাস্থলে থাকা নোয়াং থেইন নামের এক ব্যক্তি জানান, মারা যাওয়া শিশুদের বয়স ১৩ থেকে ১৪ বছর। মাদ্রাসার জানালায় লোহার শিক থাকায় শিশুরা বেরোতে পারেনি। কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা প্রাথমিকভাবে জানান, বিদ্যুত্প্রবাহজনিত সমস্যা থেকে এ আগুন লেগে থাকতে পারে। এ ব্যাপারে তদন্ত চলছে।ফায়ার সার্ভিসের কর্মকর্তা মিন্ত অং বলেন, ‘আমরা আজ সকালে আগুন নিভিয়েছি। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো জানি না। এ নিয়ে অনেক গুজব শোনা যাচ্ছে।’ গত মাসে মিয়ানমারে সাম্প্রদায়িক সহিংসতা শুরু হওয়ার পর তা দ্রুত কয়েকটি নগরে ছড়িয়ে পড়ে। মিয়ানমারের রাষ্ট্রনিয়ন্ত্রিত গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এই সহিংসতা শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৪৩ জন নিহত হয়েছে।