মিয়ানমারে মুসলিম হত্যায় সহায়তা করেছে কর্তৃপক্ষ: এইচআরডব্লিউ
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের হত্যায় দেশটির কর্তৃপক্ষ সহায়তা করেছে বলে অভিযোগ নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ)। আজ সোমবার এইচআরডব্লিউর এক প্রতিবেদনে এ অভিযোগ তোলা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের ওপর ২০১২ সালের জুন ও অক্টোবরে হত্যাসহ বিভিন্ন ধরনের মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। রাখাইন বৌদ্ধরা গণহারে মানুষ হত্যা করেছে। সেখানকার নিরাপত্তা বাহিনী এই দুষ্কর্মে হামলাকারীদের সহায়তা করে।প্রতিবেদন অনুযায়ী, কোনো কোনো ক্ষেত্রে নিরাপত্তা বাহিনী সহিংসতা প্রতিরোধের কাজ করেছে। তবে হামলার সময় বেশির ভাগ ক্ষেত্রে তারা নীরবে দাঁড়িয়ে ছিল বা হামলাকারীদের সরাসরি সহায়তা করেছে। ওই সহিংসতার ঘটনায় ১১০ জন নিহত হয়। এইচআরডব্লিউ অভিযোগ করেছে, মিয়ানমার সরকার ওই সহিংসতার ঘটনা তদন্ত ও দায়ী সরকারি কর্মকর্তাদের শাস্তি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।এইচআরডব্লিউর প্রতিবেদনের বিষয়ে মিয়ানমার সরকারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।গত মাসে মিয়ানমারের মিকতিলা শহরে সংঘটিত জাতিগত সহিংসতার একটি ভিডিও পেয়েছে বিবিসি। ভিডিওচিত্রে দেখা যায়, একদল বৌদ্ধ দাঙ্গাকারী মুসলমানদের ওপর হামলা করছে। এ সময় পুলিশ কর্মকর্তারা নীরবে দাঁড়িয়ে আছে। ওই সহিংসতায় ৪৩ জন নিহত হয়।ভিডিওটিত্রে আরও দেখা যায়, একদল মানুষ মুসলমানের একটি স্বর্ণের দোকান ভাঙচুর করছে। এরপর তারা ঘরবাড়িতে আগুন ধরিয়ে দিচ্ছে।