মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠায় চাপ দেবেন ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের পশ্চিমাঞ্চলে শান্তি পুনঃপ্রতিষ্ঠা এবং সেখানকার জাতিগত দাঙ্গায় জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনতে দেশটির নেতাদের ওপর চাপ সৃষ্টি করবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আসন্ন মিয়ানমার সফরে ওবামা এ চাপ সৃষ্টি করবেন বলে গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসের কর্মকর্তারা জানান। আজ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।আগামী শনিবার প্রেসিডেন্ট ওবামা দক্ষিণ-পূর্ব এশিয়া সফরে বের হবেন। এ সময় তিনি থাইল্যান্ড, কম্বোডিয়া ও মিয়ানমারে যাবেন। প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার পর এটিই তাঁর প্রথম বিদেশ সফর। আর মিয়ানমারে এটি হবে কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম সফর।কয়েক দশকের সামরিক শাসনের অবসানের পর ২০১০ সালে মিয়ানমারে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনের পর দেশটিতে নামমাত্র বেসামরিক সরকার প্রতিষ্ঠিত হয়। ক্ষমতা গ্রহণের পর গত বছর থেকে সরকার অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কার শুরু করেছে। তবে দেশটির অবস্থা এখনো নাজুক বলে কেউ কেউ বিবেচনা করছে।এদিকে ওবামার এ সফরে আপত্তি জানিয়েছেন কয়েকজন মানবাধিকারকর্মী। তাঁদের দৃষ্টিতে দেশটির গণতান্ত্রিক সংস্কার পুরোপুরি বাস্তবায়িত হওয়ার আগে ওবামার এই সফর হবে অপরিপক্ব।ওবামার সহযোগীদের মতে, তাঁর এ সফর মিয়ানমারের সংস্কারকাজকে উত্সাহিত করবে।ওবামার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা টম ডোনিলন বলেন, মিয়ানমারে নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলোর মধ্যকার সহিংসতাই যুক্তরাষ্ট্রের মূল উদ্বেগ। তিনি আরও বলেন, মিয়ানমার সরকারকে সংঘাতপূর্ণ এলাকায় শান্তি পুনঃপ্রতিষ্ঠা করার জন্য গঠনমূলক পদক্ষেপ নিতে হবে, ওই সব এলাকায় মানবাধিকারকর্মীদের প্রবেশ নিশ্চিত করতে হবে এবং এ সহিংসতায় জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে। ওয়াশিংটনে এক বক্তব্যে টম ডোনিলন বলেন, ‘আমি আশা করি প্রেসিডেন্ট ওবামা মিয়ানমারের নেতাদের সঙ্গে এসব বিষয়ে সরাসরি কথা বলবেন।’