মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা শিথিল হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, মিয়ানমারের পণ্যের ওপর আমদানি নিষেধাজ্ঞা শিথিল করবে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইনের সঙ্গে আলাপকালে এ ঘোষণা দেন হিলারি। বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।মিয়ানমারের তত্কালীন জান্তা সরকারের ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে বাণিজ্য-সম্পর্কিত নিষেধাজ্ঞা অন্যতম।জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন এখন নিউইয়র্কে অবস্থান করছেন। আলাপকালে হিলারি নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে ঘোষণা দিয়ে বলেন, মিয়ানমারে সংস্কারের লক্ষ্যে চলমান অগ্রগতির স্বীকৃতি হিসেবে এ পদক্ষেপ নেওয়া হবে। এ প্রসঙ্গে হিলারি বলেন, দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক করতে পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র।হিলারির এই ঘোষণার বাস্তবায়ন ঘটলে যুক্তরাষ্ট্রের বাজারে মিয়ানমারের পণ্য বিক্রির পরিমাণ বাড়বে।মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন এ পদক্ষেপের প্রশংসা করেছেন। এর আগে গত জুন মাসে মিয়ানমারের ওপর বিনিয়োগ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র।মিয়ানমারে থেইন সেইনের নেতৃত্বে সেনাসমর্থিত বেসামরিক সরকার ক্ষমতা গ্রহণের পর দেশটিতে নানা ধরনের সংস্কার পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে রাজবন্দীদের মুক্তি, গণমাধ্যমের ওপর বিধিনিষেধ শিথিল, নির্বাচনে বিরোধীদের অংশগ্রহণের সুযোগ দেওয়া অন্যতম। এর প্রেক্ষাপটে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির দল উপনির্বাচনে অংশ নিয়ে পার্লামেন্টে যোগ দিয়েছে।এদিকে আজ জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন মিয়ানমারের প্রেসিডেন্ট।