মিয়ানমারের শহরে কারফিউ
মিয়ানমারের কেন্দ্রস্থলে অবস্থিত মেইখতিলা শহরে জাতিগত সহিংসতার কারণে আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো কারফিউ জারি করা হয়েছে। সেখানে সহিংসতায় এ পর্যন্ত ১০ জন নিহত ও ২০ জন আহত হয়েছে।দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ বার্তা সংস্থা রয়টার্স জানায়, গতকাল বুধবার শহরটিতে এক বৌদ্ধ দম্পতি ও এক মুসলমান স্বর্ণ ব্যবসায়ীর মধ্যে বাগবিতণ্ডার জের ধরে সহিংসতা ছড়িয়ে পড়ে।দেশটির বিরোধী দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির একজন সদস্য জানান, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যও পর্যাপ্ত নয়।গত বছর মিয়ানমারের রাখাইন প্রদেশে বৌদ্ধ ও মুসলমানদের মধ্যে ভয়াবহ সহিংসতা ছড়িয়ে পড়ে। সরকারি হিসাব অনুযায়ী, ওই সহিংসতায় ১১০ ব্যক্তি নিহত ও এক লাখ ২০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এরপর থেকে দেশটিতে বিভিন্ন সময় জাতিগত সহিংসতার ঘটনা ঘটে চলছে। এসব সহিংসতা মিয়ানমারের গণতান্ত্রিক সংস্কার-প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।