মিয়ানমারের সংস্কার নিয়ে সংশয়
মিয়ানমারের উত্তরাঞ্চলীয় কাচিন রাজ্যে স্থানীয় বিদ্রোহীদের ওপর নজিরবিহীন বিমান হামলার ঘটনা সংস্কার প্রক্রিয়ার প্রতি দেশটির সরকারের মনোভাবকে প্রশ্নবিদ্ধ করেছে। আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত এক বিশ্লেষণে এ তথ্য জানানো হয়েছে।বিশ্লেষণে বলা হয়, যে নৃশংস কায়দায় কাচিন রাজ্যের বিদ্রোহীদের দমন করা হচ্ছে, এতে দেশটির সরকারে থাকা অবসরপ্রাপ্ত সামরিক জেনারেলদের কথিত সংস্কার পদক্ষেপ নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।দেশটির সামরিক জান্তা সমর্থিত বেসামরিক সরকার প্রতিশ্রুতি দিয়েছে, তারা কাচিন বিদ্রোহীদের সঙ্গে শান্তি চুক্তি করতে চায়। এ লক্ষ্যে দেশটির সেনাবাহিনী সর্বোচ্চ ধৈর্য প্রদর্শন করছে। কিন্তু সম্প্রতি কাচিন রাজ্যের বিদ্রোহীদের ওপর বিমান হামলা চালানোর কথা স্বীকার করেছে দেশটির সরকার। মিয়ানমারের তথ্য মন্ত্রণালয় দাবি করেছে, ওই রাজ্যে সেনাসদস্যদের রসদ সরবরাহ বন্ধের চেষ্টা করলে বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়।এ হামলার ঘটনায় জাতিসংঘের মহাসচিব বান কি মুন গত সপ্তাহে উদ্বেগ প্রকাশ করেছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, এ হামলার ঘটনা খুব হতাশাজনক। ২০১১ সালের মার্চে মিয়ানমারে নতুন সরকার ক্ষমতায় আসে। নতুন সরকারের নেওয়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সংস্কারের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক সম্প্রদায় দেশটির ওপর আরোপিত অধিকাংশ নিষেধাজ্ঞা প্রত্যাহার ও শিথিল করে। এ পরিস্থিতিতে কাচিন রাজ্যের বিদ্রোহীদের ওপর নতুন করে বিমান হামলার ঘটনা দেশটির সরকারের পরিবর্তনমুখী মনোভাব নিয়ে সন্দেহের জন্ম দিয়েছে। মিয়ানমার সরকারের এ পদক্ষেপকে এক ধরনের চালাকি বলে মত দিয়েছেন বিশ্লেষকরা। অস্ট্রেলিয়া ন্যাশনাল ইউনিভার্সিটির মিয়ানমার বিশেষজ্ঞ ক্রিস্টোফার রবার্টস মিয়ানমার সরকারের শীর্ষ কর্মকর্তাদের দায়িত্বশীলতা ও কর্তৃত্ব নিয়ে নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, মিয়ানমারের নিয়ে সন্দেহবাদীরা আগেই আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করেছিল। দেশটির ওপর থেকে এত দ্রুত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি যে অপরিপক্ব সিদ্ধান্ত ছিল, সেটাই এখন স্পষ্ট হয়ে উঠেছে। সংস্কার প্রশ্নে মিয়ানমার সরকারের শীর্ষ কর্তাব্যক্তিদের দৃষ্টিভঙ্গি প্রসঙ্গে জাতিগত সংঘাত-বিষয়ক বিশেষজ্ঞ ও সাংবাদিক বার্টিল লিন্টনার বলেন, ‘আসলে কোনো কিছুরই পরিবর্তন হবে না। সামরিক বাহিনীর সেই লোকগুলোই ক্ষমতায়। তারা কোনো বিষয় সামলাতে এখন আরও বেশি চালাক।’মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি বলেছেন, সে দেশের সেনা ও কাচিন বিদ্রোহীদের মধ্যে চলমান সংঘাত থামানোর কাজ সরকারের। তাঁর ভাষ্য, আনুষ্ঠানিকভাবে সরকার তাঁকে আমন্ত্রণ না জানানো পর্যন্ত তিনি এ বিষয়ে কোনো ভূমিকা রাখবেন না। এ ঘটনায় মিয়ানমারে সরকারের চলমান সংস্কার কর্মসূচি সংঘাত থামাতে মধ্যস্থতা করবেন কি না—জানতে চাইলে সু চি বলেন, বিষয়টি সরকারের মর্জির ওপর নির্ভর করছে। এই মুহূর্তে সরকারই তা দেখছে।২০১১ সালের জুনে সরকার ও কাচিন ইনডিপেন্ডেন্ট আর্মির (কেআইএ) মধ্যে করা ১৭ বছরের অস্ত্রবিরতি চুক্তির মেয়াদ শেষ হয়। ১৭ বছরের যুদ্ধবিরতির পর গত বছর কাচিন বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর নতুন করে লড়াই শুরু হয়। স্থানীয় অধিবাসীদের অনেকে এর মধ্যে পালিয়ে কাচিন ও চীন সীমান্তের বিভিন্ন শিবিরে আশ্রয় নিয়েছে। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ রাজ্যটিতে নতুন করে লড়াই শুরুর পর এখন পর্যন্ত প্রায় ৭৫ হাজার মানুষ গৃহহীন হয়েছে।