মিয়ানমারের সামরিক শাসক আজ ভারত সফরে যাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের সামরিক শাসক জেনারেল থান শোয়ে পাঁচ দিনের এক সফরে আজ রোববার ভারত যাচ্ছেন। বিবিসি জানায়, থান শোয়ে আজ দিল্লি পৌঁছালে তাঁকে সম্ভবত লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে। দিল্লিতে তিনি প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করবেন এবং তারপর কয়েকটি আইটি প্রকল্প পরিদর্শন করবেন। মিয়ানমারে গত ২০ বছরের মধ্যে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠানের ঠিক আগে থান শোয়ে ভারত সফর করছেন। তাঁর সফরকালে গত এক দশক ধরে দেশ দুটির মধ্যে যে নিয়মিত উচ্চপর্যায়ের আলাপ-আলোচনা হয়েছে তার পরিসমাপ্তি টানা হবে বলে বিবিসি জানায়।মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠকের পর থান শোয়ে হায়দরাবাদ শহরে যাবেন। সেখানে তিনি কয়েকটি যোগাযোগ প্রযুক্তি ও ওষুধ শিল্প কারখানা পরিদর্শন করবেন। তিনি মিয়ানমারে এই দুটি শিল্প খাতের বিকাশে ভারতের সাহায্য চান।ভারতীয় কর্মকর্তারা বলছেন, দুই পক্ষের আলোচ্যসূচিতে মিয়ানমারের আসন্ন নির্বাচন-বিষয়ক কিছু নেই। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার ডেস্কের এক কর্মকর্তা বলেন, ‘আমরা ভারতের নিরাপত্তা এবং ব্যবসা ও বাণিজ্যের সুযোগ নিয়ে আলোচনা করব।’দিল্লি উত্তর-পূর্ব ভারতের বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য মিয়ানমারের ওপর চাপ দিয়ে আসছে। ভারতের ধারণা, ওই বিদ্রোহীদের ঘাঁটি মিয়ানমারে।