মিরপুর-এয়ারপোর্ট ফ্লাইওভারের উদ্বোধন ২৭ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বুধবার রাজধানীর মিরপুর-এয়ারপোর্ট ফ্লাইওভারের উদ্বোধন করবেন। উদ্বোধন শেষে ফ্লাইওভার যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আজ সোমবার যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের মিরপুর-এয়ারপোর্ট ফ্লাইওভার পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। খবর বাসসের।যোগাযোগমন্ত্রী বলেন, মিরপুর-এয়ারপোর্ট ফ্লাইওভার রাজধানীর পূর্ব ও পশ্চিমের সঙ্গে সংযোগ স্থাপনের পাশাপাশি যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, বৃহত্তর মিরপুরবাসী ফ্লাইওভার ব্যবহার করে ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে এয়ারপোর্ট সড়কে পৌঁছাতে সক্ষম হবেন। ফলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের ১১ কিলোমিটার সড়কের পরিবর্তে মাত্র তিন কিলোমিটার সড়ক ব্যবহার করতে হবে। যোগাযোগমন্ত্রীর ফ্লাইওভার পরিদর্শনের সময় মেজর জেনারেল মো. হাবিবুর রহমান খান, প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ মো. মাসুদ, প্রকল্পের পরামর্শক আজাদুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন এ প্রকল্পের কাজ বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্ক অর্গানাইজেশনের অধীনস্থ ১৬ ইঞ্জিনিয়ার কন্সট্রাকশন ব্যাটালিয়ন নির্ধারিত সময়ের তিন মাস আগে শেষ করেছে। এক হাজার ৭৯৩ মিটার দীর্ঘ এ ফ্লাইওভারটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১৯৯ কোটি টাকা।