মিরপুর থেকে ১৯ জামায়াত কর্মী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুরের এক নম্বর সেকশনের কলওয়ালাপাড়া জামে মসজিদের পাশে একটি বাড়ি থেকে পুলিশ আজ বৃহস্পতিবার দুপুরে ১৯ জন জামায়াত কর্মীকে আটক করেছে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম ও জিহাদি প্রকাশনা উদ্ধার করা হয়েছে।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর থানার পুলিশ আজ দুপুরের দিকে কলওয়ালাপাড়া জামে মসজিদের পাশের ওই বাড়িটিতে অভিযান চালিয়ে ১৯ জনকে আটক করা হয়। আটককৃতরা জামায়াতে ইসলামীর নেতা-কর্মী। তিনি আরও বলেন, অনেক দিন ধরেই তারা ওই বাড়িটিতে অবস্থান করে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল। আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও কয়েকজনকে গ্রেপ্তারের অভিযান চলছে বলে কাজী ওয়াজেদ আলী জানান।