মিরপুর-বিমানবন্দর উড়ালসড়ক আজ চালু হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর-বনানী উড়ালসড়ক আজ বুধবার জনসাধারণের জন্য উন্মুক্ত করা হচ্ছে। এই প্রকল্পের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে উড়ালসড়কটির উদ্বোধন করবেন।নির্ধারিত সময়ের তিন মাস আগেই উড়ালসড়কটি চালু হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশনের অধীন ১৬ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন এ প্রকল্প বাস্তবায়ন করেছে। প্রকল্পের ঠিকাদার হিসেবে কাজ করে মীর আক্তার অ্যান্ড কোম্পানি লিমিটেড।উড়ালসড়কটি মিরপুরের মাটিকাটা থেকে শুরু হয়ে বিমানবন্দর সড়কে (জিয়া কলোনিসংলগ্ন) শেষ হয়েছে। এর দৈর্ঘ্য এক হাজার ৭৯৩ মিটার।সেনাবাহিনীর অধীনে এই প্রকল্পের আওতায় মিরপুর-বিমানবন্দর উড়ালসড়ক, সংযোগ সেতু এবং বনানী রেলক্রসিংয়ের ওপর আরেকটি উড়ালসড়ক নির্মিত হয়েছে। সব কটি প্রকল্পের ব্যয় ৩৬০ কোটি ১৬ লাখ টাকা। রেলক্রসিংয়ের ওপর নির্মিত উড়ালসড়কটি ডিসেম্বর মাসেই চালু হয়েছে। আজ মিরপুর-বিমানবন্দর উড়ালসড়ক ও সংযোগ সড়কটি চালু হচ্ছে।৫৬১ মিটার সংযোগ সেতুটি বনানী রেলক্রসিংয়ের ওপর নির্মিত ৮০৪ মিটার দীর্ঘ উড়ালসড়কের সঙ্গে সংযোগ স্থাপন করবে।প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রকল্পটি বাস্তবায়নের ফলে বনানীর রেলক্রসিংয়ে ট্রেন চলাচলের সময় যানবাহনগুলোর অপেক্ষায় থাকতে হচ্ছে না। এতে মিরপুর থেকে সেনানিবাসের ওপর দিয়ে উড়ালসড়ক ধরে বিমানবন্দর সড়কের দূরত্ব দাঁড়াবে তিন কিলোমিটার। এই পথ পাড়ি দিতে সময় লাগবে ১৫-২০ মিনিট। বর্তমানে মিরপুর থেকে বিমানবন্দর যেতে হলে আগারগাঁও হয়ে প্রায় ১১ কিলোমিটার পথ ঘুরতে হয়।চার ‘ইউ’ লুপ: বিশেষজ্ঞরা বলছেন, বনানী উড়ালসড়ক, কুড়িল উড়ালসড়ক ও ঢাকা উড়ালসড়ক তিনটি প্রকল্পের শুরু কিংবা শেষ দুই কিলোমিটার এলাকার মধ্যে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে বনানী ও কুড়িলের যানজট কাকলী এসে ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে। কারণ, প্রগতি সরণি, উত্তরা হয়ে আসা সব যানবাহনের চাপ পড়বে কাকলীতে। আবার মহাখালী হয়ে বনানী বা গুলশানমুখী যানবাহনগুলোও কাকলী বা চেয়ারম্যানবাড়ি দিয়ে ডানে মোড় নিয়ে থাকে। এই অবস্থায় দুই দিকের যানবাহনের চাপে কাকলী বিপর্যস্ত হয়ে পড়বে।বিমানবন্দর সড়কের যানবাহনের চলাচল যাতে বাধাগ্রস্ত না হয়, সে জন্য গুলশান ও বনানীমুখী যানবাহনগুলো উড়ালসড়ক দিয়ে পারাপারের প্রস্তাব দিয়েছেন বিশেষজ্ঞরা। এটাকে তাঁরা বলছেন, ‘ইউ’ লুপ। মহাখালী উড়ালসড়ক থেকে কাকলী পর্যন্ত চারটি ইউ লুপ নির্মাণে একটি প্রকল্পও নিয়েছে যোগাযোগ মন্ত্রণালয়। এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ১৭০ কোটি টাকা। এখনো এই প্রকল্পের বাস্তবায়ন শুরু করতে পারেনি সরকার।জানতে চাইলে মিরপুর উড়ালসড়ক প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার আবু সাইদ মোহাম্মদ মাসুদ প্রথম আলোকে বলেন, ইউ লুপ করার প্রস্তাব ইতিমধ্যে যোগাযোগ মন্ত্রণালয়ে জমা দিয়েছেন তাঁরা। আশা করছেন দ্রুতই প্রকল্পটির অনুমোদন পাওয়া যাবে।মিরপুর উড়ালসড়ক প্রকল্পের সুফল সম্পর্কে আবু সাইদ বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হওয়ায় মিরপুরের যানবাহনগুলোকে বিজয় সরণি কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয় ঘুরে আসতে হবে না। এতে ওই অঞ্চলে যানবাহনের চাপ কমে যাবে এবং যানজট কমবে। মিরপুরের বাসিন্দাদের জন্য উড়ালসড়ক খুবই উপকার বয়ে আনবে বলে তিনি জানান।