প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার বহু প্রতীক্ষিত মিরপুর-বিমানবন্দর উড়ালসড়ক উদ্বোধন করেছেন। ১ দশমিক ৭৯ কিলোমিটার দীর্ঘ এই উড়ালসড়ক রাজধানীর পূর্ব ও পশ্চিমকে সংযুক্ত করবে। এর ফলে রাজধানীর যানজট বহুলাংশে কমবে বলে আশা করা হচ্ছে। খবর বাসস ও ইউএনবির। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর নামে ফ্লাইওভারটির নামকরণ করা হবে।উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান ও স্থানীয় সাংসদ এইচ এম এরশাদ, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, যোগাযোগসচিব এম এ এন সিদ্দিকী, সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া এবং উড়ালসড়কটির প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ এম মাসুদ বক্তৃতা করেন।দেশকে সাতটি প্রদেশে ভাগ করার জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের প্রস্তাব নাকচ করে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, একটি ছোট দেশকে অনেক প্রশাসনিক অঞ্চলে বিভক্ত করে কোনো উপকার হবে না, বরং এতে প্রশাসনিক ব্যয় বেড়ে যাবে।প্রধানমন্ত্রী আরও বলেন, দেশকে সাতটি প্রদেশে ভাগ করার পরিবর্তে দক্ষভাবে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এসব সংস্থাকে সিদ্ধান্ত নেওয়ার আরও কর্তৃত্ব দেওয়া হয়েছে।অনুষ্ঠানে এরশাদ বলেন, দেশকে সাতটি প্রদেশে ভাগ করা হলে দেশব্যাপী উন্নয়ন কর্মকাণ্ড গতি পাবে। প্রাদেশিক পদ্ধতি কেন্দ্রীয় সরকারের বোঝা হ্রাস করতে সহায়তা করবে। প্রাদেশিক পদ্ধতি প্রণয়ন করা হলে দেশে কোনো হরতাল হবে না। এখন যে কেউ দেশের অন্যান্য অংশের সঙ্গে ঢাকার যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতে পারে। এরশাদ সেনাবাহিনীকে উৎসাহ দিতে এবং তাদের পাশে থাকতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘তাহলে তারাও আপনার পাশে থাকবে।’এরশাদ প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘সব সমস্যা সমাধান করা আপনার পক্ষে কঠিন। একজনের পক্ষে ১৬ কোটি মানুষের সমস্যা সমাধান করা সম্ভব নয়। জনগণ আপনার সঙ্গে আছে। আমিও আপনার সঙ্গে আছি।’বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর ১৯৯ দশমিক ৮৮ কোটি টাকা ব্যয়ে কারিগরি মান বজায় রেখে স্থানীয় সম্পদ ও মেধা ব্যবহার করে ফ্লাইওভারটি নির্মাণ করে।এ উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি গলফ ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উড়ালসড়ককে স্বাধীনতার মাসে ঢাকাবাসীকে তাঁর সরকারের উপহার হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এই উড়ালসড়ক হচ্ছে নগরের যোগাযোগব্যবস্থা সুষ্ঠু ও স্বাভাবিক করতে তাঁর সরকারের প্রচেষ্টার আরেকটি মাইলফলক।সংশ্লিষ্ট সূত্র জানায়, উড়ালসড়কটি নির্মাণের ফলে মিরপুরের বাসিন্দাদের বিমানবন্দর, বনানী ও কুড়িল-বাড্ডায় যাতায়াতের সময় অনেক কমে যাবে। তারা এখন এই উড়ালসড়ক ব্যবহার করে ১৩ কিলোমিটারের পরিবর্তে তিন কিলোমিটার সড়ক দিয়ে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে বিমানবন্দর, বনানী ও গুলশান যেতে পারবে।প্রধানমন্ত্রী বলেন, যানজটের কারণে মহানগরের মানুষ অবর্ণনীয় দুর্ভোগের শিকার এবং তাদের কর্মসময়ের ব্যাপক অংশ নষ্ট হচ্ছে। এই উড়ালসড়ক তাদের সময় ও ব্যয় হ্রাস করবে।গুণগত মান অক্ষুণ্ন রেখে অনেক বাধা পেরিয়ে নির্ধারিত সময়ের তিন মাস আগে উড়ালসড়কটির নির্মাণকাজ সম্পন্ন করতে নিরলস পরিশ্রম করার জন্য সংশ্লিষ্ট সংস্থা ও ব্যক্তিদের প্রধানমন্ত্রী আন্তরিক ধন্যবাদ জানান।