মিরপুর বেড়িবাঁধ এলাকায় যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহ আলী থানাধীন মিরপুর বেড়িবাঁধ স্লুইস গেট-সংলগ্ন ডোবা থেকে গতকাল বুধবার রাতে পুলিশ সাইফুল ইসলাম (২৬) নামের এক যুবকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে। সাইফুল ইসলাম ‘স্বপ্নচূড়া’ নামে এ এলাকার একটি রেস্তোরাঁর কর্মচারী এবং স্থানীয় নিরাপত্তাকর্মী ছিলেন। তিনি শাহ আলী থানার ৪৪ নবাবেরবাগ এলাকায় থাকতেন। তাঁর বাবা মৃত মো. হোসেন। শাহ আলী থানা সূত্র জানায়, স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে রাত আনুমানিক ১২টার দিকে ডোবা থেকে সাইফুল ইসলামের ভাসমান লাশ উদ্ধার করা হয়। তাঁর মাথায় ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের ধারণা, সাইফুল ইসলামকে হত্যার পর লাশ ডোবায় ফেলে দেওয়া হয়। সাইফুলের ভাই ফারুক হোসেন অভিযোগ করেন, গত মঙ্গলবার স্বপ্নচূড়ার ব্যবস্থাপকসহ কয়েকজন কর্মচারীর সঙ্গে সাইফুলের কথাকাটাকাটি হয়েছিল। ধারণা করা হচ্ছে, এর জের ধরে তাঁকে হত্যা করা হয়েছে। শাহ আলীর থানার ভারপ্রান্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ জানান, এ বিষয়ে তদন্ত চলছে।