মিরপুর মডেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ গ্রেপ্তার
অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় রাজধানীর মিরপুর মডেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আফজালুল হককে গতকাল শনিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ রোববার তাঁকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়।কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ প্রথম আলো অনলাইনকে বলেন, মিরপুর ১৪ নম্বরে অবস্থিত মিরপুর মডেল ডিগ্রি কলেজের ৬০ জন শিক্ষার্থী নিয়ম মেনে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণের টাকা জমা দেন। এর পর তাঁরা প্রবেশপত্র নেওয়ার জন্য বেশ কয়েকবার অধ্যক্ষের কাছে যান। কিন্তু অধ্যক্ষ আফজালুল হক এ ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেননি। আজ রোববার থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় তাঁরা পরীক্ষায় অংশ নিতে পারেননি।অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে আফজালুল হকের বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করেন ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক। গতকাল রাতেই পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় থেকে তাঁকে আটক করে চকবাজার থানায় সোপর্দ করা হয়। পরে কাফরুল থানা পুলিশ আজ তাঁকে মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠায়।