মিরপুর মুক্ত দিবসের অঙ্গীকার যুদ্ধাপরাধীদের বিচার
নানা সংগঠন, নানা আয়োজন। তবে সবার মুখে একই উচ্চারণ ‘যুদ্ধাপরাধীদের বিচার চাই।’ যারা মুক্তিযুদ্ধের সময় এ দেশের ৩০ লাখ মানুষকে হত্যা করেছে, দেশের সম্পদ ধ্বংস করেছে, নারীদের ধর্ষণ করেছে, তাদের বিচার হবে না—এটা মেনে নেওয়া যায় না।রোববার ছিল ‘মিরপুরের ৩৯তম বিজয় দিবস’। সারা দিনই বিভিন্ন সংগঠন নানা আয়োজনে দিনটি উদ্যাপন করেছে। বিজয়ের উত্সবে আনন্দের ঘাটতি থাকলে কি হয়? ছিলও না। ঢাকঢোল পিটিয়ে, বাদ্য বাজিয়ে, গান গেয়েছে মিরপুরবাসী, উদ্যাপন করেছে তাদের ৩৯তম বিজয় দিবস। তবে বাঙালির বিজয়ের আনন্দে যে শুধুই আনন্দ থাকে না, ছিল না মিরপুরবাসীরও। নানা আয়োজনেই তারা যুদ্ধাপরাধীদের বিচার দাবি করেছে। অবিলম্বে বিচারের কাজ শুরু না হলে আন্দোলনের হুমকিও দেওয়া হয়েছে এসব আয়োজনে।একাত্তরের ২৬ মার্চ থেকে শুরু হওয়া এই নির্মমতা সারা দেশে চলেছে ১৬ ডিসেম্বর পর্যন্ত। রাজধানীর মিরপুরবাসী এই অত্যাচার সয়েছে আরও দেড় মাস। ১৯৭২ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত। ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হলেও মিরপুরবাসী বিজয়ের স্বাদ পেয়েছিল দেড় মাস পর। এ সময়ে মিরপুরে বসবাসরত বিহারি, সাদা পোশাকে পরাজিত পাকিস্তানি সেনাবাহিনীর কিছু সদস্য এবং তাদের এ দেশীয় দোসর রাজাকার, আল-বদর, আল শামস বাহিনীর সদস্যরা বাঙালি নিধন করেছে, চালিয়েছে নির্যাতন। এরপর ১৯৭২ সালের ৩১ জানুয়ারি এসেছিল সেই মহেন্দ্রক্ষণ, যেদিন পুরোপুরি শত্রুমুক্ত হয় মিরপুর। আজ ছিল সেই দিন।দিনটির স্মরণে বিভিন্ন সংগঠন গতকাল নানা কর্মসূচির আয়োজন করে। মিরপুর সাংস্কৃতিক ঐক্য ফোরাম নামের একটি সংগঠন দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করে। মূলত আওয়ামী লীগ ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাই সার্বিক আয়োজনে ছিলেন। আওয়ামী লীগের স্থানীয় সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লা সব দিক তত্ত্বাবধান করেন।ফোরাম সকাল থেকে মিরপুরের মূল সড়কের ২০টি স্থানে ভ্রাম্যমাণ ট্রাকে করে একযোগে প্রচার ও সাংস্কৃতিক অনুষ্ঠান করে। বিকেলে মিরপুর-১ নম্বরের মাজার রোড থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে তারা। কয়েক হাজার মানুষের অংশগ্রহণে এই শোভাযাত্রায় বর্ণিল সাজে সাজানো হাতি, ঘোড়া, ঘোড়ার গাড়ি সবার দৃষ্টি কেড়ে নেয়। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, স্থানীয় কওমি মাদ্রাসার ছাত্র-শিক্ষক ও উল্লেখযোগ্যসংখ্যক নারী শোভাযাত্রায় অংশ নেয়। মিরপুর-১২ নম্বরে গিয়ে শোভাযাত্রা শেষ হয়। এতে অংশগ্রহণকারীরাও যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানায়।একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি বিকেল তিনটায় মিরপুর-১ নম্বর সেকশন গোলচত্বরের পাশে মিসকু সুপার মার্কেট প্রাঙ্গণে সমাবেশ করে। সমাবেশেও বক্তারা অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচারের শুরু করার দাবি জানান।নির্মূল কমিটির উপদেষ্টা বিচারপতি গোলাম রাব্বানী বলেন, মুক্তিযোদ্ধাদের ঋণ পরিশোধ করতে হলে যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে। এত দিন যে বিচার করা হয়নি, সে জন্য একাত্তরের শহীদদের কাছে ক্ষমা চাইতে হবে।সভাপতির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, ‘বঙ্গবন্ধুর হত্যার বিচার হয়েছে বলেই আমরা দায়মুক্ত হয়ে যাইনি। রাজাকার-আলবদররা এখনো সদর্ভে ঘুরে বেড়াচ্ছে। যদি আগামী মার্চ মাস থেকে এদের বিচার শুরু না হয়, তাহলে আমরা রাস্তায় নামব।’শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান আবদুল আহাদ চৌধুরী, জহির রায়হানের ছেলে অনল রায়হান প্রমুখ সমাবেশে বক্তব্য দেন।সমাবেশ শেষে শোভাযাত্রা করে মিরপুরের রাইনখোলা বধ্যভূমিতে গিয়ে শহীদদের উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করেন নির্মূল কমিটির নেতা-কর্মীরা। এ সময় তাঁরা যুদ্ধাপরাধীদের বিচার, ’৭২-এর সংবিধানের পুনঃপ্রবর্তন, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করাসহ নানা দাবিতে প্ল্যাকার্ড বহন করেন।মুক্তিযুদ্ধ জাদুঘর বিকেল সাড়ে চারটায় মিরপুর ১০ নম্বর সেকশনের জল্লাদখানা বধ্যভূমি স্মৃতিপাঠ প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে। এই আলোচনাতেও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিই মুখ্য হয়ে ওঠে।সবুজ মেলা নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন বিকেলে মিরপুর-২-এর ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। এই অনুষ্ঠানেও যুদ্ধাপরাধীদের বিচার শুরু করার দাবি উঠে আসে।