মিরপুর সিরামিকসে ইটের সৌন্দর্যগাথা
শহরের সুন্দর সুন্দর বাড়িঘর আর দেশের বিখ্যাত সব স্থাপনার সৌন্দর্য বাড়িয়ে দেয় যে ইট, সেটা তৈরি করাই তাদের কাজ। ঢাকার মিরপুর-১২ নম্বরে অবস্থিত মিরপুর সিরামিকস প্রায় ৫৩ বছরের পুরোনো প্রতিষ্ঠান। দেশের মাটি থেকে দেশের মানুষের জন্য ইট তৈরি করছে তারা। মিশে আছে দেশের ঐতিহ্য আর অহংকারের সঙ্গে। শহীদ মিনারের সিঁড়ি, স্মৃতিসৌধের সামনের লাল চত্বর, জাতীয় সংসদের সিঁড়ি আর হাইকোর্টের উঠান—এসব তৈরি হয়েছে মিরপুর সিরামিকসের ইট দিয়ে। মাটি দিয়ে তৈরি এসব ইট নান্দনিকতায় যেমন অনন্য, তেমনি সেরা মানের দিক থেকেও। তাই বাণিজ্য মেলায় মিরপুর সিরামিকসের প্যাভিলিয়নে গিয়ে তাদের তৈরি ইটগুলো দেখে আসতে পারেন যেকোনো সময়। দেখেশুনে পছন্দ হলে যদি সেখানেই বুকিং দেন, তাহলে শতকরা ১০ ভাগ ছাড় পাওয়া যাবে। অবশ্য এখান থেকে ইট নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। ১০ শতাংশ দাম এখানে পরিশোধ করে ঢাকায় মিরপুর সিরামিকসের ছয়টি শোরুমের যেকোনো একটি থেকে ইট নেওয়া যাবে।