মিরপুর ১০ থেকে জিয়া কলোনি পর্যন্ত উড়ালসেতু হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যানজট নিরসনে আরেকটি উড়ালসেতু নির্মাণের প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। বিমানবন্দর সড়কের জিয়া কলোনি থেকে মিরপুর ১০ নম্বর পর্যন্ত এই উড়ালসেতুর দৈর্ঘ্য হবে তিন কিলোমিটার। এই প্রকল্পে ব্যয় হবে ১৯২ কোটি টাকা। প্রকল্পটির বাস্তবায়নকাল ২০১০ সালের মার্চ থেকে ২০১২ সালের জুন পর্যন্ত।এটিসহ দুই হাজার ৮৪০ কোটি টাকার সাতটি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে প্রকল্প সাহায্য ৪৩৮ কোটি টাকা এবং দুই হাজার ৪০২ কোটি টাকার অর্থায়ন হবে সরকারি কোষাগার থেকে।গতকাল মঙ্গলবার ঢাকায় শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে একনেকের চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়।বৈঠকে বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধার প্রকল্পের আওতায় নদীর দখলি জমি উদ্ধার, শিল্পবর্জ্যমুক্ত করা এবং খনন করে নদীর নাব্যতা বাড়ানো এবং দীর্ঘদিন ধরে নদীর তলদেশে আটকে থাকা প্লাস্টিক-বর্জ্য সরানোর একটি প্রকল্পও অনুমোদন করা হয়েছে।পাশাপাশি বুড়িগঙ্গা নদীর পানিপ্রবাহ নিশ্চিত করতে যমুনা নদীর মুখ থেকে নতুন ধলেশ্বরী নদী ও পুংলী, তুরাগ, বংশাই নদী খনন করে বাড়ানো হবে পানির প্রবাহ। প্রকল্পটির বাস্তবায়নকাল ২০১০ সালের জুলাই থেকে ২০১৪ সালের জুন পর্যন্ত।বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার জানান, ‘যানজটের দুর্ভোগ এড়াতে আরেকটি উড়ালসেতু নির্মাণ করা হবে। এতে বিমানবন্দর থেকে সহজেই মানুষ মিরপুরে যেতে পারবেন।’মন্ত্রী আরও বলেন, বুড়িগঙ্গাকে জীবন্ত রাখতে বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধার প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নদীর তলদেশ থেকে বর্জ্য ওঠানোর পাশাপাশি ময়লা না ফেলার ব্যাপারে সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন। শুকনো মৌসুমে যাতে বুড়িগঙ্গায় পানিপ্রবাহ থাকে, সে জন্য আশপাশের নদীগুলো খনন করাও এ প্রকল্পের উদ্দেশ্য।একনেকে অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো: পানি উন্নয়ন বোর্ডের অধীনে এক হাজার ২৮ কোটি টাকার ক্যাপিটাল (পাইলট) ড্রেজিং অব রিভার সিস্টেম ইন বাংলাদেশ প্রজেক্ট; ২৮৩ কোটি টাকার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সমন্বিত পানিসম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা প্রকল্প (সংশোধিত); শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ৭৪ কোটি টাকার বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন প্রকল্প; বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ২৮১ কোটি টাকার ডেভেলপমেন্ট অব ন্যাশনাল আইসিটি ইনফরমেশন নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভর্নমেন্ট প্রজেক্ট এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে ৩৮ কোটি টাকার স্ট্রেনদেনিং দ্য রিসার্চ অ্যান্ড এক্সপ্লোরেশন ক্যাপাবিলিটিজ অব দ্য জিওলজিক্যাল সার্ভে অব বাংলাদেশ প্রকল্প।