মিরপুরে অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু
রাজধানীর মিরপুরের ১৩ নম্বর সেকশনে গতকাল বুধবার দিবাগত রাতে অগ্নিদগ্ধ হয়ে দেড় বছরের এক শিশু মারা গেছে। তার নাম মারুফ। এ ঘটনায় মারুফের বাবা মোতাহার আলী (৪৫), মা জেসমিন বেগম (৩০), বোন দৃষ্টি (১১) গুরুতর আহত হয়েছে। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টিভি সেট বিস্ফোরণে আগুন লেগে এ ঘটনা ঘটে।প্রতিবেশী সুলতান আহমেদ প্রথম আলো ডটকমকে জানান, মিরপুরের ১৩ নম্বর সেকশনের বাড়ি-২২, লেন-৬, ব্লক-সির ওই একতলা বাড়িতে সপরিবারে ভাড়া থাকেন কাপড় ব্যবসায়ী মোতাহার আলী। গতকাল দিবাগত রাত দেড়টার দিকে হঠাৎ তাঁরা বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পান। দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাঁরা অগ্নিদগ্ধ অবস্থায় চারজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত তিনটার দিকে শিশু মারুফ মারা যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা ধারণা করছেন, টিভি সেট বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা নাজমা আক্তার প্রথম আলো ডটকমকে জানান, রাতে বিস্ফোরণের খবর পেয়ে তাঁদের ইউনিট ঘটনাস্থলে যায়। শট সার্কিট থেকে টিভি সেট বিস্ফোরণে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াজেদ আলী প্রথম আলো ডটকমকে জানান, অপরাধ তদন্ত সংস্থার (সিআইডি) একটি বোমা বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করবে। তারা বিস্ফোরণের কারণ অনুসন্ধান করবে।