মিরপুরে আগুন লেগে একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর এক নম্বরের কাজীবাড়ী বস্তিতে আগুন লেগে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম ইলিন (৩৫)। তিনি স্থানীয় একটি রেস্তোরাঁয় কাজ করতেন। আগুনে বস্তির শতাধিক ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল রাত পৌনে চারটার দিকে মিরপুর এক নম্বরের উত্তর বশিলের কাজীবাড়ী বস্তিতে মশার কয়েল থেকে আগুন লাগে। পরে তা চারপাশে ছড়িয়ে পড়ে। এতে শতাধিক ঘর পুড়ে যায়। আর অগ্নিদগ্ধ হয়ে মারা যায় ইলিন। ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের আটটি গাড়ি পৌনে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ইলিনের লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।