মিরপুরে আগ্নেয়াস্ত্র বিস্ফোরক উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে শাহ আলী থানার উত্তর বিশিল এলাকার একটি বাড়ি থেকে পুলিশ গতকাল শুক্রবার আগ্নেয়াস্ত্র, গুলি, গ্রেনেড, বিস্ফোরকদ্রব্য ও জিহাদি বই উদ্ধার করেছে। পুলিশ বলেছে, এটি জঙ্গিদের আস্তানা।শাহ আলী থানার সূত্র জানায়, পুলিশ দুপুর ১২টার দিকে উত্তর বিশিল এলাকার ১০ নম্বর সড়কের ৭০/ক বাড়িতে অভিযান চালায়। ওই বাড়ির তৃতীয় তলার একটি কক্ষ থেকে একটি সাবমেশিনগান (এসএমজি), একটি পিস্তল, ১৮টি গুলি, ৩৫ কেজি গান পাউডার, একটি গ্রেনেড, গ্রেনেডের ৩৬টি খোল, বোমা তৈরির ক্ষুদ্র যন্ত্রাংশ, শতাধিক ঘড়ি ও কিছু জিহাদি বই উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, এক মাস ১১ দিন আগে চার যুবক ওই বাড়ির মালিক মোশাররফ হোসেনের কাছ থেকে তৃতীয় তলার ওই কক্ষটি ভাড়া নেন। তাঁদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। তিনি বলেন, তাঁদের ধারণা, নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) একটি দল নাশকতা ঘটানোর উদ্দেশ্যে এসব অস্ত্র ও গোলাবারুদ ওই কক্ষে জমা করেছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।বাড়ির মালিক সাংবাদিকদের বলেন, গত ৪ জুন গ্যাসলাইট ব্যবসায়ী পরিচয়ে চার যুবক দুই হাজার ৪০০ টাকায় কক্ষটি ভাড়া নেন। তাঁরা এক মাসের অগ্রিম ভাড়াও দিয়েছিলেন। এ মাসের শুরুতে সব ভাড়াটিয়ার কাছে ছবি ও পরিচয়পত্র চাওয়া হয়। ১৫ জুলাই থেকে ওই কক্ষটি তালা লাগানো দেখা যায়। যুবকেরাও আর আসেননি। মাস শেষ হয়ে আসায় গতকাল মিস্ত্রি নিয়ে তিনি কক্ষের তালা ভেঙে ভেতরে ঢুকে অস্ত্র ও বিস্ফোরক দেখে পুলিশে খবর দেন।আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকদ্রব্য উদ্ধারের খবর পেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার এ কে এম শহীদুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, এটি জঙ্গিদের আস্তানা। ওই আস্তানায় কারা থাকতেন তা খতিয়ে দেখা হচ্ছে। যারা যুদ্ধাপরাধীদের বিচার চায় না, এটা তাদের আস্তানা কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।উদ্ধার করা শতাধিক ঘড়ির বিষয়ে পুলিশ কমিশনার বলেন, এগুলো দিয়ে তারা সম্ভবত টাইম বোমা তৈরির চেষ্টা করছিল। যে পরিমাণ গান পাউডার উদ্ধার করা হয়েছে, তা দিয়ে শতাধিক গ্রেনেড তৈরি করা সম্ভব বলে তিনি জানান।