মিরপুরে আবার তৈরি পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ
বেতন-ভাতা বৃদ্ধিসহ কয়েকটি দাবিতে রাজধানীর মিরপুর ১৩ ও ১৪ নম্বর এলাকায় কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা আজ বৃহস্পতিবার আবার বিক্ষোভ মিছিল করেছে। এ সময় পুলিশের সঙ্গে বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনাও ঘটে। এতে অন্তত তিনজন শ্রমিক আহত হয়েছেন।শ্রমিকেরা জানান, বেতন বৃদ্ধিসহ কয়েকটি দাবিতে আজ সকাল ১০টার দিকে ৮-১০টি কারখানার শ্রমিকেরা রাস্তায় বের হয়ে বিক্ষোভ মিছিল করেন। এ সময় পুলিশ এসে তাঁদের ছত্রভঙ্গ করে দিলে তাঁরা বিভিন্ন অলিগলিতে আশ্রয় নেন। কারখানার শ্রমিকেরা বিছিন্নভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁদের লাঠিপেটা করে। তখন শ্রমিকেরা ইটপাটকেল ছুড়ে পাল্টা জবাব দেন।আজ বিকেলে একটি কারখানা কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির শ্রমিকদের নিয়ে আলোচনায় বসবেন বলে জানা গেছে।শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা করা, ট্রেড ইউনিয়ন করার সুযোগ দাবি, বাত্সরিক ছুটির (অর্জিত) টাকা দিতে হবে, জানুয়ারির ইনক্রিমেন্ট ফেব্রুয়ারিতে দিতে হবে, রাত আটটার পর কাজ করালে টিফিন বিল দিতে হবে, সাপ্তাহিক ছুটির দিন কাজ করালে অতিরিক্ত কাজের দ্বিগুণ মজুরি দিতে হবে, সাপ্তাহিক ছুটির দিন কাজ করালে এর তিন দিনের মধ্যে এক দিন ক্ষতিপূরণ ছুটি দিতে হবে, মাতৃত্বকালীন ছুটি ছয় মাস, চিকিত্সাসেবাসহ বিভিন্ন দাবি রয়েছে।