মিরপুরে কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরের পল্লবীতে গতকাল বুধবার রাতে এক কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তাঁর নাম আফরিন আফরোজ অনিকা (১৮)। অনিকা মিরপুর কমার্স কলেজে একাদশ শ্রেণীর ছাত্রী ছিলেন।অনিকার বাবা ধবির হোসেন জানান, গতকাল সন্ধ্যার দিকে তাঁর স্ত্রী ও দুই মেয়ে মিরপুর-১-এ ছোট ভাইয়ের বাসায় দাওয়াত খেতে যায়। কিন্তু অনিকা পড়ার কথা বলে বাসায় থেকে যায়। রাত সাড়ে ১০টায় অনিকার সঙ্গে তার মায়ের শেষ কথা হয়। এরপর অনিকা আর ফোন না ধরায় তার মা তাড়াতাড়ি বাসায় ছুটে আসেন। বাসায় ঢুকে বাইরে থেকে দরজা খোলা এবং লাইট বন্ধ দেখতে পান তিনি। পরে ঘরের ভেতর অনিকাকে ওড়না দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝোলানো অবস্থায় দেখা যায়। সেখান থেকে অনিকাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিত্সকেরা তাকে মৃত ঘোষণা করেন।ধবির হোসেন অভিযোগ করেন, কেউ বাসায় ঢুকে অনিকাকে খুন করেছে। ঘটনার সময় তিনি গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার পারঝঞ্জনিয়ায় গ্রামের বাড়িতে ছিলেন।পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ হোসেন জানান, অনিকার মায়ের অভিযোগের ভিত্তিতে প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।পারিবারিক সূত্রে জানা গেছে, তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে অনিকা সবার বড়। তিনি ২০১০ সালে এসএসসিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।