মিরপুরে কারখানা খোলা রাখায় ভাঙচুর, চার শ্রমিক আটক
রাজধানীর মিরপুরে আজ শনিবার সকালে কয়েকটি পোশাক কারখানা খোলা রাখার প্রতিবাদে ওই এলাকায় একটি বাস ও একটি কারখানা ভাঙচুর করেছেন শ্রমিকেরা। এ সময় ঘটনাস্থল থেকে চারজন শ্রমিককে আটক করে পুলিশ।কাফরুল অঞ্চলের টহল পরিদর্শক মো. আবুল হোসেন প্রথম আলো ডটকমকে জানান, সকাল সাড়ে আটটার দিকে পোশাক কারখানার দুই-তিন শ শ্রমিক রাস্তায় নেমে আসেন। তাঁরা মিরপুর ১৪ নম্বর থেকে লাঠিসোঁটা নিয়ে ১৩ নম্বর হয়ে মিরপুর ১০ পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন। প্রায় দুই ঘণ্টা বিক্ষোভ মিছিল চলে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা সাভারের রানা প্লাজা ও ভবনের পোশাক কারখানার মালিকদের শাস্তির দাবি করেন। একপর্যায়ে তাঁরা মিরপুর এলাকায় খোলা থাকা পোশাক কারখানা বন্ধের দাবিতেও বিক্ষোভ করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষুব্ধ শ্রমিকেরা মিরপুর ১০ নম্বর পানির ট্যাংকির কাছে এপার গার্মেন্টসের ভবনে ভাঙচুর চালান। পরে তাঁরা শতাব্দী পরিবহনের যাত্রীবাহী একটি বাস ভাঙচুর করেন। এ সময় পুলিশ ধাওয়া করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। সকাল সাড়ে ১০টা পর্যন্ত এ অবস্থা চলে। ঘটনার সময় সংশ্লিষ্ট এলাকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকেরা দাবি করেন, বিজিএমইএ আজ ও কাল রোববার পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে। কিন্তু ওই সিদ্ধান্ত অমান্য করে আজ সকালে মিরপুর ১৩ ও ১৪ নম্বরের কিছু মালিক তাঁদের পোশাক কারখানা খোলা রাখেন। এর প্রতিবাদে তাঁরা রাস্তায় নেমে আসেন। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী প্রথম আলো ডটকমকে জানান, অনেক মালিক পোশাক কারখানা বন্ধের নোটিশ পাননি। তাই তাঁরা কারখানার সামনে ছুটির নোটিশ ঝোলাননি। আবার কয়েকটি পোশাক কারাখানা খুলে রাখার কারণে আজ এ ঘটনা ঘটেছে। সকাল সাড়ে ১০টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। পোশাক কারখানা ও বাস ভাঙচুরের অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।