মিরপুরে কারখানা খোলা রাখায় ভাঙচুর, ৪ শ্রমিক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে আজ শনিবার সকালে খোলা রাখা কয়েকটি পোশাক কারখানা বন্ধ রাখার দাবিতে ওই এলাকায় একটি বাস ও একটি কারখানা ভাঙচুর করেছেন শ্রমিকেরা। এ সময় ঘটনাস্থল থেকে চার শ্রমিককে আটক করে পুলিশ।কাফরুল অঞ্চলের টহল পরিদর্শক মো. আবুল হোসেন প্রথম আলো ডটকমকে জানান, সকাল সাড়ে আটটার দিকে পোশাক কারখানার দুই-তিন শ’ শ্রমিক রাস্তায় নেমে আসেন। তাঁরা মিরপুর ১৪ নম্বর থেকে লাঠি-সোঁটা নিয়ে ১৩ নম্বর হয়ে মিরপুর ১০ পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন। প্রায় দুই ঘণ্টা ধরে বিক্ষোভ মিছিল চলে। এসময় বিক্ষুব্ধ শ্রমিকেরা সাভারের রানা প্লাজা ও ভবনটির পোশাক কারখানার মালিকদের শাস্তি দাবি করেন। এক পর্যায়ে তাঁরা মিরপুর এলাকায় খোলা থাকা পোশাক কারখানা বন্ধের দাবিতেও বিক্ষোভ করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষুব্ধ শ্রমিকেরা মিরপুর ১০ নম্বর পানির ট্যাংকির কাছে এপার গার্মেন্টসের ভবনে ভাঙচুর চালান। পরে তাঁরা শতাব্দী পরিবহনের যাত্রীবাহী একটি বাস ভাঙচুর করেন। এ সময় পুলিশ ধাওয়া করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। সকাল সাড়ে ১০টা পর্যন্ত এ অবস্থা চলে। ঘটনার সময় সংশ্লিষ্ট এলাকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকেরা দাবি করেন, বিজিএমইএ আজ ও কাল রোববার পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে। কিন্তু ওই সিদ্ধান্ত অমান্য করে আজ সকালে মিরপুর ১৩ ও ১৪ নম্বরের কিছু মালিক তাঁদের পোশাক কারখানা খোলা রাখেন। এর প্রতিবাদে তাঁরা রাস্তায় নেমে আসেন। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী প্রথম আলো ডটকমকে জানান, অনেক মালিক পোশাক কারখানা বন্ধের নোটিশ পাননি। তাই তাঁরা কারখানার সামনে ছুটির নোটিশ ঝুলিয়ে দেননি। আবার কয়েকটি পোশাক কারাখানা খুলে রাখার কারণে আজ এ ঘটনা ঘটেছে। সকাল সাড়ে ১০টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। পোশাক কারখানা ও বাস ভাঙচুরের অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।