মিরপুরে কিশোরকে সন্ত্রাসীদের গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে আজ বুধবার সন্ধ্যায় সন্ত্রাসীদের গুলিতে মো. হাকিম (১৪) নামে এক কিশোর আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বলছে, চাঁদা না দেওয়ায় এ ঘটনা ঘটেছে।শাহ আলী থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাকিমের বাবা আক্কাস মিয়া মিরপুর-১ নম্বরের ব্লক-ইয়ের একটি নির্মাণাধীন ভবনের নিরাপত্তাকর্মী। তিনি ওই ভবনের একটি কক্ষে থাকেন। আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাবার সঙ্গে ইফতারি করার জন্য হাকিম ওই ভবনে যান। ইফতারির ১০ মিনিট আগে তিন-চারজন অস্ত্রধারী সন্ত্রাসী ওই কক্ষের কড়া নাড়লে হাকিম দরজা খুলে দেয়। দরজা খুললেই তাঁরা হাকিমকে লক্ষ্য করে একটি গুলি করে পালিয়ে যায়। এ সময় হাকিম ডান পায়ের হাঁটুর নিচে গুলিবিদ্ধ হয়।শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, হাকিম মিরপুর-১-এর বাগদাদ মার্কেটে একটি দোকানে চাকরি করে। ধারণা করা হচ্ছে, সন্ত্রাসীরা হাকিমের বাবার কর্মস্থল ও নির্মাণাধীন ভবনের মালিকের কাছ থেকে চাঁদা চেয়েছিল। চাঁদা না দেওয়ায় আতঙ্ক সৃষ্টির লক্ষ্যেই তারা এ ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে।